মৌলভীবাজারের কুলাউড়ার রেল দুর্ঘটনার কারণ তদন্তে গঠিত কমিটি দু’টির রিপোর্টে কারও বিরেুদ্ধে গাফিলতির প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন। আজ বুধবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কুলাউড়ার বরমচালে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে একথা জানান মন্ত্রী।
এসময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপিও তার সাথে ছিলেন। দুই মন্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন।
পরিদর্শন শেষে রেলপথমন্ত্রী সাংবাদিকদের জানান, রেল দুর্ঘটনায় নিহতদের প্রত্যোকের পরিবারকে একলাখ টাকা ও আহত প্রত্যেককে ১০ হাজার টাকা অনুদান দেয়া হবে।
রেলপথ মন্ত্রী জানান, ‘সিলেট-ঢাকা রেলপথ উন্নয়নে সরকার প্রকল্প গ্রহণ করেছে। ঢাকা থেকে আখাউড়ার পর্যন্ত ইতোমধ্যে ডুয়েল গেজ হয়েছে। এখন আখাউড়া থেকে সিলেট পর্যন্ত ডুয়েল গেজ রেলপথ নির্মাণে ১৬ হাজার ১০৪ কোটি ৪৪ লাখ টাকার প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) নির্বাহী কমিটি অনুমোদন করেছে। এই প্রকল্পের অধীনে এই রুটে আরও ১৬ টি নতুন রেলস্টেশন নির্মান এবং সিলেট রেলস্টেশনকে আরো আধুনিকায়ন করা হবে।’
কুলাউড়ায় ভয়াবহ রেল দুর্ঘটনায় এখন পর্যন্ত কারও গাফিলতির প্রমাণ পাওয়া গেছে কিনা এমন প্রশ্নে মন্ত্রী জানান, তদন্ত কমিটি গঠন করা হয়েছে , তদন্তে কারও গাফিলতি কিংবা কাজে অবহেলার প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
শুদ্ধস্বর/এইচ বি

