মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলায় টাঙ্গাইল-৩ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি আমানুর রহমান খান রানার জামিন আপীলেও বহাল

মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলায় টাঙ্গাইল-৩ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি আমানুর রহমান খান রানাকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। হাইকোর্টের দেয়া জামিনের বিরুদ্ধে সোমবার রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করে এ আদেশ দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ।

আদালতে এদিন রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। অপরদিকে রানার পক্ষে ছিলেন অ্যাডভোকেট মনসুরুল হক চৌধুরী, আবদুল বাসেত মজুমদার ও অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা।

এর আগে গত ১৪ মার্চ তাকে ছয় মাসের জামিন দিয়েছিলেন বিচারপতি একে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ। এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ২৫ মার্চ রানার জামিন স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত। একই সঙ্গে আদালত শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠানোর আদেশ দেন। এরই ধারাবাহিকতায় সোমবার আপিল বিভাগে শুনানির জন্য ওঠে।

উল্লেখ্য, ২০১৩ সালের ১৮ জানুয়ারি আওয়ামী লীগের টাঙ্গাইল জেলা কমিটির সদস্য ফারুক আহমেদকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় তৎকালীন এমপি রানা ২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠান টাঙ্গাইলের বিচারিক আদালত।

পরে এ মামলায় ২০১৭ সালের ০৩ ফেব্রুয়ারি রানা ও তার তিন ভাইসহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এরপরে একই বছরের ৬ সেপ্টেম্বর আদালত দণ্ডবিধির ৩০২/১২০/৩৪ ধারায় এমপি রানা ও তার তিন ভাইসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠনের মাধ্যমে বিচার শুরু করেন। বর্তমানে মামলাটি সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.