টিকিট বিক্রি করে সেই টাকা আত্মসাৎ

অর্থ তছরুপ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুই কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে। তারা হলেন: উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) শফিকুল ইসলাম এবং ভারপ্রাপ্ত পরিচালক (মার্কেটিং ও সেলস) আশরাফুল আলম। রাষ্ট্রায়ত্ত আকাশ পরিবহন সংস্থাটির বোর্ড এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে।

বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মিরাজ জানান, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিমানের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা এ এম মোসাদ্দিক আহমেদ এ দুটি বিভাগের দায়িত্ব পালন করবেন। বেসরকারি বিমান চলাচল মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ওএসডি হওয়া শফিকুল এর আগে চার বছর লন্ডনে বিমানের কান্ট্রি ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সেসময় তিনি ১৬ কোটি টাকা তছরুপ করেন বলে অভিযোগ উঠে।

সূত্র মতে, বিমান কর্তৃপক্ষকে শফিকুল বলেছিলেন যে বিজ্ঞাপনের উদ্দেশ্যে তিনি ঢাকা-লন্ডন রুটে ২ হাজার ৪৭২টি টিকিট বিনামূল্যে বিতরণ করেছেন। কিন্তু, প্রকৃত অবস্থা হচ্ছে তিনি সেসব টিকিট বিক্রি করে সেই টাকা আত্মসাৎ করেছেন। বেসরকারি বিমান চলাচল মন্ত্রণালয়ের সচিব মহিবুল হক সাংবাদিকদের বলেন, জনগণকে বিনামূল্যে টিকিট দেয়ার ক্ষমতা শফিকুলের নেই। তিনি বলেন, অভিযোগ পাওয়ার পর মন্ত্রণালয় প্রাথমিক তদন্তে জানতে পারে শফিকুল সেসব টিকিট যাত্রীদের কাছে বিক্রি করেছিলেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.