ডিসেম্বরে ঢাকায় “এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬”, প্যারিসে আয়োজকদের সংবাদ সম্মেলন

প্রবাসী বাংলাদেশিদের সংগঠন এনআরবি ওয়ার্ল্ড (NRB World)-এর উদ্যোগে আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর ঢাকার শেরাটনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬’। এ সম্মেলনে অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশি পেশাজীবী, ব্যবসায়ী, উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন সংগঠনটির প্রতিনিধিরা।

রোববার প্যারিসের ক্যাফে দ্য লুনায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনআরবি ওয়ার্ল্ড-এর উপদেষ্টা কাজী এনায়েত উল্লাহ, এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬-এর কনভেনর মমিনুল হক এবং সংগঠনটির প্রতিষ্ঠাতা এনামুল হক এনাম।

লিখিত বক্তব্যে বলা হয়, ‘দেশ ও প্রবাসের সেতুবন্ধন’ গড়ে তোলার লক্ষ্যেই এনআরবি ওয়ার্ল্ড কাজ করছে। প্রবাসী বাংলাদেশিদের মেধা, দক্ষতা, অভিজ্ঞতা ও বিনিয়োগকে বাংলাদেশের উন্নয়নে কার্যকরভাবে কাজে লাগানোই সংগঠনটির অন্যতম প্রধান উদ্দেশ্য।

এবারের সামিটের মূল স্লোগান ‘Think Bangladesh’। আয়োজকদের প্রত্যাশা, বিশ্বের ৫০ টির বেশি দেশ থেকে প্রায় এক হাজার প্রবাসী বাংলাদেশি এতে অংশ নেবেন। সম্মেলনে স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসা, প্রযুক্তি, বাণিজ্য, উদ্যোক্তা উন্নয়ন ও প্রবাসী সম্পৃক্ততা নিয়ে আলোচনা হবে। পাশাপাশি গোলটেবিল বৈঠক, নেটওয়ার্কিং ও ব্যবসায়িক যোগাযোগের সুযোগ থাকবে।

প্রতিনিধিরা বলেন, প্রবাসী বাংলাদেশিরা শুধু দেশের রেমিট্যান্সের উৎস নন; তাঁরা জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতা ও বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। এ কারণে বিদেশে অর্জিত দক্ষতা ও অভিজ্ঞতাকে দেশে কাজে লাগিয়ে ‘brain drain’কে ‘brain gain’-এ রূপান্তরের ওপর গুরুত্ব দিচ্ছে এনআরবি ওয়ার্ল্ড।

এনআরবি ওয়ার্ল্ড যুক্তরাষ্ট্রভিত্তিক একটি অলাভজনক, অরাজনৈতিক ও সেবামূলক সংগঠন। বিশ্বের ৫০টিরও বেশি দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশি পেশাজীবী ও উদ্যোক্তাদের একটি নেটওয়ার্কের আওতায় আনতে সংগঠনটি কাজ করছে। দেশ ও প্রবাসের মানুষের মধ্যে সহযোগিতা, জ্ঞান বিনিময় ও বিনিয়োগের সম্পর্ক গড়ে তোলাই এর মূল লক্ষ্য।

এনআরবি ওয়ার্ল্ড-এর উদ্দেশ্য হলো প্রবাসী বাংলাদেশিদের মেধা, দক্ষতা, অভিজ্ঞতা ও বিনিয়োগ বাংলাদেশের উন্নয়নে কাজে লাগানো। সংগঠনটি বাংলাদেশি তরুণদের প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির সুযোগ সৃষ্টি এবং সরকার, শিল্পখাত ও নীতিনির্ধারকদের সঙ্গে প্রবাসী বিশেষজ্ঞদের কার্যকর যোগাযোগ গড়ে তুলতে চায়।

সংবাদ সম্মেলনে আয়োজকেরা বিশ্বের সব প্রান্তে থাকা প্রবাসী বাংলাদেশিদের বাংলাদেশে আসার, সামিটে অংশ নেওয়ার এবং দেশের সঙ্গে নতুন ব্যবসায়িক ও বিনিয়োগ সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান। এছাড়াও উপস্থিত সাংবাদিকদের প্রশ্ন-উত্তর পর্বে অংশ নেন।

রাকিবুল ইসলাম, শুদ্ধস্বর ডটকমের ফ্রান্স প্রতিনিধি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.