ভারতের ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএল শুধু একটি ক্রীড়া আসর নয়, দক্ষিণ এশিয়ার ক্রীড়া–সংস্কৃতির বড় অংশ। এই লিগকে কেন্দ্র করে ক্রিকেটপ্রেমী বাংলাদেশেও রয়েছে বিপুল আগ্রহ। কিন্তু সাম্প্রতিক ঘটনায় সেই আগ্রহের জায়গায় জন্ম নিয়েছে ক্ষোভ ও প্রশ্ন। বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল দলে নিলামের মাধ্যমে নিশ্চিত করার পর রাজনৈতিক যুক্তিতে বাদ দেওয়ার অভিযোগ শুধু একজন খেলোয়াড়ের সঙ্গে অবিচার নয়, বরং ক্রীড়াঙ্গনে রাজনীতির অশনি সংকেত হিসেবেই দেখা হচ্ছে।
এই প্রেক্ষাপটে বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ করার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হওয়াটা অস্বাভাবিক নয়। দেশের আইন মন্ত্রনালয় পক্ষ থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়কে অনুরোধ জানানো হয়েছে—বিষয়টি পর্যালোচনার জন্য। অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত প্রশাসন যে বিষয়টিকে হালকাভাবে দেখছে না, সেটাই স্পষ্ট করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তাঁর বক্তব্যে মূল যে সুরটি উঠে এসেছে, তা হলো—এ ধরনের ঘটনায় চুপ করে থাকা যায় না, প্রতিক্রিয়া দেখাতেই হয়।
বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে বিষয়টি কেবল আইপিএল সম্প্রচারের প্রশ্ন নয়; এটি জাতীয় মর্যাদা, খেলোয়াড়ের অধিকার এবং ক্রীড়ার ন্যায্যতার প্রশ্ন। মুস্তাফিজুর রহমান আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অন্যতম পরিচিত মুখ। তাঁকে নিলামে বিপুল অর্থ ব্যয় করে কেনার পর হঠাৎ রাজনৈতিক অজুহাতে বাদ দেওয়ার সিদ্ধান্ত ক্রীড়াগত যুক্তিতে ব্যাখ্যা করা যায় না। যদি পারফরম্যান্স, ফিটনেস বা টিম কম্বিনেশনের প্রশ্ন থাকত, তবে সেটি ক্রিকেটীয় সিদ্ধান্ত হিসেবে মেনে নেওয়ার সুযোগ ছিল। কিন্তু যখন বলা হয় রাজনৈতিক কারণে তাঁকে খেলানো হবে না, তখন সেটি ক্রীড়ার সীমা অতিক্রম করে।
রিজওয়ানা হাসানের বক্তব্যে আরেকটি গুরুত্বপূর্ণ দিক উঠে এসেছে—দুই দেশের মধ্যে রাজনৈতিক টানাপোড়েন থাকলেও খেলাধুলা বহু সময় সম্পর্ক স্বাভাবিক করার সেতুবন্ধ হিসেবে কাজ করে। ইতিহাসে এমন উদাহরণ কম নয়, যেখানে মাঠের লড়াই মাঠেই সীমাবদ্ধ থেকেছে এবং কূটনৈতিক উত্তেজনা প্রশমনে ভূমিকা রেখেছে। কিন্তু এখানে ঘটেছে উল্টোটা। খেলাকে খেলায় না রেখে রাজনীতির হাতিয়ার বানানো হয়েছে বলে অভিযোগ উঠছে। এতে শুধু বাংলাদেশ নয়, ক্রীড়াঙ্গনের সামগ্রিক বিশ্বাসযোগ্যতাও ক্ষতিগ্রস্ত হয়।
বাংলাদেশ সরকার যে আইনি ভিত্তি খতিয়ে দেখে সিদ্ধান্ত নিতে চাইছে, সেটি একটি দায়িত্বশীল অবস্থান। আবেগের বশে তড়িঘড়ি সিদ্ধান্ত না নিয়ে আইনি প্রক্রিয়া অনুসরণ করাই কাম্য। তবে একই সঙ্গে এটাও সত্য—একজন নিশ্চিত করা খেলোয়াড়কে রাজনৈতিক কারণে বাদ দেওয়া হলে, সেটির বিরুদ্ধে রাষ্ট্রীয় প্রতিক্রিয়া থাকা স্বাভাবিক। কারণ এতে আঘাত লাগে দেশের জনগণের মনেও। মুস্তাফিজ কেবল একজন ব্যক্তি নন; তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।
ভারতীয় ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্ত বাংলাদেশে যে আলোড়ন তুলেছে, তার প্রতিফলন দেখা যাচ্ছে ক্রীড়াপ্রেমী সাধারণ মানুষের মধ্যেও। প্রশ্ন উঠছে—আজ মুস্তাফিজ, কাল আর কে? যদি রাজনৈতিক বিবেচনা ক্রিকেট দলে নেওয়া বা বাদ দেওয়ার মানদণ্ড হয়, তবে আন্তর্জাতিক ক্রীড়ার ভবিষ্যৎ কোথায় দাঁড়াবে ? এই প্রশ্ন শুধু বাংলাদেশ নয়, বিশ্বের সব ক্রিকেট খেলুড়ে দেশের জন্যই প্রাসঙ্গিক।
বাংলাদেশের সম্ভাব্য সিদ্ধান্ত—আইপিএল সম্প্রচার বন্ধ করা—প্রতীকী হলেও তাৎপর্যপূর্ণ হতে পারে। এটি একটি বার্তা দেবে যে ক্রীড়ার নামে বৈষম্য ও রাজনৈতিক হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। একই সঙ্গে এটি ভারত সরকারের প্রতিও একটি কঠোর বার্তা—খেলার মধ্যে রাজনীতি টেনে আনা হলে তার কূটনৈতিক ও সাংস্কৃতিক মূল্য দিতে হতে পারে।
সবশেষে বলা যায়, বাংলাদেশের অবস্থান কোনো প্রতিহিংসা বা বিরোধিতার রাজনীতি নয়; এটি ন্যায্যতার দাবি। খেলাধুলা হোক খেলাধুলার জায়গায়—এই মৌলিক নীতির পক্ষে দাঁড়ানোই এখন মূল কথা। মুস্তাফিজুর রহমানকে ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে, তা যদি ক্রীড়াঙ্গনকে আরও রাজনীতিকরণ করে, তবে ক্ষতি হবে সবারই। তাই বাংলাদেশের প্রতিক্রিয়াকে আবেগ নয়, বরং আত্মমর্যাদা ও ন্যায্য অধিকারের স্বাভাবিক প্রকাশ হিসেবেই দেখা উচিত।
লেখক: হাবিব বাবুল
প্রধান সম্পাদক
শুদ্ধস্বর ডটকম ।

