এক হারানো ছন্দ
এক হারানো ছন্দ নিদারুণ দ্বন্দে,
বন্দি হয়ে জড় হৃদয়ের নিভৃত অলিন্দে- যেন নির্বাসিত!
নিরাশ এক নিশ্চুপ মনের আন্দামান দ্বীপে।
দশকের পর দশক এ ছন্দ কি থাকবে নিরুদ্ধ?
তারপর সেই নিশ্চুপ বন্দি মনের গণ্ডীতে-
কখনো হানা কি দেবে না অলস মুহূর্তে,
এক ভাবনার বুদ বুদ?
সে ভাবনা কোন নিদারুণ যন্ত্রণা নয়
তবুও, অনুভূতির রজ্জু হয়তো করবে শ্বাসরুদ্ধ।
এতো কোন বাঁধনও নয়
শুধু অনুভূতির এক অস্পষ্ট প্রতিচ্ছবি,
স্মৃতির খণ্ডিত মুকুরে।
চকিতে হয়তো হবে অদৃশ্য!
হারিয়ে হয়তো যাবে ধীরে ধীরে,
চিরতরে! হবে হয়তো নিশ্চুপ!
বাস করবে আমার সাথেই মনের আন্দা
মান দ্বীপে।
মেলেনি তো উত্তর
উজ্জল রঙে রঙে বিচ্ছুরণ উষ্ম যৌবনে,
প্রথম প্রেমের উচ্ছ্বসিত রাগ জেগেছিল মনে-
এক তেজস্বী আলোরশ্মির মত উদ্দাম।
কি এক বিহ্বলতায় সব বাঁধন ভেঙ্গেচুরে
মানস চিত্রপটে, এঁকে চলে অস্থির এক তুলির কল্পনায়,
উদ্ভাসিত তৃষ্ণার আবেগ।
তাকে না যায় ধরা, না যায় বন্দী করা
কোন সিন্দুকের আন্ধারে।
আছাড়ে পড়তে চায় সে আলোরশ্মি-
কোন এক হৃদয়ের রুদ্ধ কপাটে,
কল্পনায় খুঁজে ফিরে অন্তরালের রহস্য?
এক সমীকরণ যেন আবর্তিত কপাটের এপাশ-ওপাশ মিলে-
মেলেনি তো উত্তর।
যতদিন না সে তেজস্বী আলোরশ্মি-
আঁধারে
হারালো জীবন।
জাকিয়া রহমান
ডাবলিন, আয়ারল্যান্ড।

