দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হওয়ার পর জনমনে তৈরি হওয়া উদ্বেগের প্রেক্ষিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশের উদ্দেশে বার্তা দিয়েছেন।
শুক্রবার (২১ নভেম্বর) চিফ আডভাইজারের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে তিনি এই বার্তা প্রকাশ করেন।
তিনি লেখেন, বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হওয়ার পর মানুষের আশঙ্কা ও আতঙ্কের বিষয়টি সরকার ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। পরিস্থিতির সার্বিক মূল্যায়ন চলছে এবং সংশ্লিষ্ট সব দপ্তরকে অবিলম্বে মাঠপর্যায়ে নেমে সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ দেওয়া হয়েছে।
বার্তায় আরো বলা হয়, জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সরকার সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে যে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে, সেগুলোতে ফায়ার সার্ভিস দ্রুত সাড়া দিচ্ছে।
তিনি সবাইকে কোনো ধরনের গুজব বা বিভ্রান্তি এড়িয়ে সতর্ক থাকার আহ্বান জানান। প্রয়োজনে হটলাইনসহ সরকারি চ্যানেলের মাধ্যমে পরবর্তী নির্দেশনা জানানো হবে বলে উল্লেখ করেন ড. ইউনূস।
সব শেষে তিনি লেখেন, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

