জিনজিরা ইউনিয়নের ৭,৮,৯ নং ওয়ার্ডে গয়েশ্বর চন্দ্র রায়ের গণসংযোগ করণীয় উন্নয়ন পরিকল্পনা তুলে ধরলেন বিএনপি মনোনীত ঢাকা-৩ আসনের প্রার্থী

ঢাকা, ১৬ নভেম্বর ২০২৫, রবিবার
ঢাকা-৩ (কেরানীগঞ্জ দক্ষিণ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় আজ জিনজিরা ইউনিয়নের ৭, ৮ এবং ৯ নং ওয়ার্ডে গণসংযোগ ও সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় স্থানীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ছাড়াও তিনি এলাকার সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন।

গণসংযোগে তার সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। দলের নেতাকর্মীরা জানান, নির্বাচনী মাঠে গয়েশ্বর রায়ের উপস্থিতি এলাকাবাসীর মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

সেখানে দাঁড়িয়ে গয়েশ্বর চন্দ্র রায় বিএনপি ক্ষমতায় এলে এলাকার জন্য তার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, কেরানীগঞ্জ দক্ষিণকে আধুনিক নাগরিক সুবিধাসম্পন্ন এলাকায় রূপান্তর, সড়ক–পথের সংস্কার ও সম্প্রসারণ, জলাবদ্ধতা নিরসন, শিক্ষা ও স্বাস্থ্যখাতে ব্যাপক উন্নয়ন এবং স্থানীয় শিল্প–বাণিজ্যকে এগিয়ে নিতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হবে।

গণসংযোগ চলাকালে শুদ্ধস্বর ডটকমকে তিনি জানান, “কেরানীগঞ্জের মানুষ বহুদিন ধরে উন্নয়ন বঞ্চিত। বিএনপি সরকার গঠন করলে এই অঞ্চলে পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করা হবে।”

এলাকার কয়েকজন ভোটার শুদ্ধস্বর ডটকমকে জানান, গয়েশ্বর চন্দ্র রায়ের প্রতি তাদের আস্থা দীর্ঘদিনের। এক ভোটার বলেন, “গয়েশ্বর রায় একজন শুদ্ধ ও নির্ভীক রাজনীতিবিদ। তিনি দলের শীর্ষ পর্যায়ের নেতা হওয়ায় এলাকার উন্নয়নকাজ বাস্তবায়নে সক্ষম হবেন বলে আমরা বিশ্বাস করি।” আরেকজন ভোটার জানান, “বিএনপি ক্ষমতায় গেলে তিনি এই অঞ্চলের দীর্ঘদিনের সমস্যা সমাধানে ভূমিকা রাখবেন—এমনটাই আমাদের প্রত্যাশা।”

গণসংযোগে অংশ নেওয়া স্থানীয়দের মতে, আসন্ন জাতীয় নির্বাচনে গয়েশ্বর চন্দ্র রায়কে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া দেখা যাচ্ছে। তারা মনে করেন, উন্নয়ন ও পরিবর্তনের প্রত্যাশায় জনগণ তার ওপর আস্থা প্রদর্শন করবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.