চলন্ত বাসে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা 

ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার ইচলাদী টোল প্লাজা এলাকায় চলন্ত একটি বিআরটিসি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ ২৮ অক্টোবর (মঙ্গলবার) বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে।

বরিশাল থেকে খুলনাগামী বিআরটিসি বাসটি (রেজি. নং: ব্রাহ্মণবাড়িয়া-ব-১১-০০০৪) ইচলাদী টোল প্লাজা এলাকায় পৌঁছালে হঠাৎ পিছনের দিক থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। যাত্রীরা চিৎকার শুরু করলে চালক দ্রুত গাড়ি থামান। মুহূর্তের মধ্যেই বাসের পেছনের অংশে আগুন ধরে যায় এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে।

বাসের চালক মো. শাহজালাল জানান, “যাত্রীরা ধোঁয়া দেখে চিৎকার দিলে আমি গাড়ি থামাই। তখন দেখি আগুনের কুণ্ডলি উঠছে। আল্লাহর রহমতে সবাই নিরাপদে নামতে পেরেছেন।”

খবর পেয়ে উজিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ৪৫ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো প্রাণহানি না ঘটলেও বাসটির উপরের অংশ সম্পূর্ণ পুড়ে যায়।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান এবং উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা জানান, “আগুন নিয়ন্ত্রণে এসেছে, বর্তমানে যান চলাচল স্বাভাবিক।”

অগ্নিকাণ্ডের কারণে ঢাকা-বরিশাল মহাসড়কের দুই পাশে প্রায় পাঁচ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়, যা প্রায় এক ঘণ্টা পর স্বাভাবিক হয়।

ঠিকানা/এসআর

 

facebook sharing button
twitter sharing button
whatsapp sharing button
sharethis sharing button

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.