ইজতেমায় মাওলানা সাদের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বরাবর স্মারকলিপি দিয়ে সড়ক ছেড়েছেন সাদপন্থী তাবলীগ জামাতের সদস্যরা। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টা নাগাদ তারা কাকরাইল মসজিদ ও প্রধান বিচারপতির বাসভবনের সামনের সড়কে অবস্থান ছেড়ে দেন।
এ অংশের মিডিয়া সমন্বয়ক মো. আবু সায়েম গণমাধ্যমকে বলেন, ‘আমাদের এক দফা দাবি মাওলানা সাদ সাহেবকে ইজতেমায় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। আমাদের আরেকটি দাবি ছিল প্রথম ইজতেমা। কিন্তু এটা সরকারি সিদ্ধান্ত। তারা যেভাবে সিদ্ধান্ত নিবে সেভাবেই হবে।’
তিনি আরও বলেন, ‘দাবি আদায়ে আমরা অবস্থান নিলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব আমাদের ৯ সদস্যের একটি দলকে যমুনার সামনে নিয়ে যান। সেখানে গিয়ে তার কাছে প্রধান উপদেষ্টা বরাবর একদফা দাবি জানিয়ে একটা স্মারকলিপি দিয়ে এসেছি। তিনি আমাদের আশ্বস্থ করেছেন এবং এই বিষয়ে দ্রুত সিদ্ধান্ত জানাবেন বলে জানিয়েছেন। তাই আমরা অবস্থান ছেড়ে দিয়েছি।’
এদিকে এদিন সকাল সাড়ে ৮টার দিকে কাকরাইল মসজিদের সামনে ও প্রধান বিচারপতির বাসভবনের সামনের সড়কে অবস্থান নেন সাদপন্থীরা। তারা প্রথম ইজতেমা এবং মাওলানা সাদের ইজতেমায় অংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানান। পরে সাড়ে ৯টার দিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের আমন্ত্রণে ৯ সদস্যের একটি প্রতিনিধি দল যমুনার সামনে যান এবং সেখানেই প্রধান উপদেষ্টার প্রেস সচিবের কাছে স্মারকলিপি প্রদান করেন।

