তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে এরদোয়ানের জয়

টানা তৃতীয় মেয়াদে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। প্রতিদ্বন্দ্বী প্রার্থী কেমাল কিলিচদারগলুর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয় ছিনিয়ে নিয়েছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট। নির্বাচনে বর্তমান ক্ষমতাসীন দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একেপি) নেতা এরদোয়ান ৫২ দশমিক ১২ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অন্যদিকে প্রধান বিরোধীদল রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) কেমাল পেয়েছেন ৪৭ দশমিক ৮৮ শতাংশ ভোট। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুর বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে আল জাজিরা।

রোববার (২৮ মে) বাংলাদেশ সময় দিনগত রাত ১১টার পর ডেইলি সাবহার লাইভ প্রতিবেদনে দেখানো হয়,  দেশটিতে মোট ভোটার ৬ কোটি ৪১ লাখ ৯৭ হাজার ৪১৯ জন। এরমধ্যে ভোট দিয়েছেন ৫ কোটি ২৪ লাখ ৭১ হাজার ২৯ জন। যেখানে ভোটার উপস্থিতির হার ৮৪ দশমিক ৮৮ শতাংশ। ৫ কোটি ১৮ লাখ ৮ হাজার ৬৯০টি ভোট বৈধ এবং ৬ লাখ ৬২ হাজার ২৩৯টি ভোট অবৈধ বলে গণ্য করা হয়েছে।

 

প্রথম ধাপের ভোটে ফল না আসায় তুরস্কের স্থানীয় সময় রোববার সকাল ৮টায় দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত (বাংলাদেশ সময় বেলা ১১টা থেকে রাত ৮টা)। এরপর শুরু হয় ভোট গণনা৷ সন্ধ্যার পর থেকে কেন্দ্রগুলোর প্রাথমিক ফলাফল আসতে থাকে।

এদিন ইস্তাম্বুলে ভোট এরদোয়ান ও আঙ্কারায় ভোট দেন কেমাল কিলিচদারগলু। ইস্তাম্বুলে এরদোয়ানের সমর্থকরা তৃতীয় মেয়াদে তার জয় নিয়ে আগে থেকেই আত্মবিশ্বাসের কথা জানান।

এদিকে প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় বিশ্বনেতারা এরদোয়ানকে অভিনন্দন জানাতে শুরু করেছেন। কাতারের আমির তামিম বিন হামাদ এক টুইটে লিখেছেন- ‘প্রিয় ভাই আমার রিসেপ তাইয়্যেপ এরদোয়ান, আপনার বিজয়ে অভিনন্দন। নতুন মেয়াদে আপনার সফলতা কামনা করছি।’

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.