হামবুর্গে আবার গুলিবর্ষণ, নিহত ২

জার্মান পুলিশ রবিবার জানিয়েছে, স্থানীয় সময় শনিবার রাতে বন্দরনগরী হামবুর্গে এক গুলিবর্ষণের ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন।

শহরটিতে চলতি মাসে এই নিয়ে দ্বিতীয়বার প্রাণঘাতী গুলিবর্ষণের বড় ঘটনা ঘটো। চলতি মাসের শুরুর দিকের আরেক ঘটনায় আট ব্যক্তি প্রাণ হারান।

হামবুর্গের প্রসিকিউটরের কার্যালয় থেকে জানানো হয়েছে, নিহত দুই ব্যক্তির একজন সম্ভবত সন্দেহভাজন গুলিবর্ষণকারী। ধারণা করা হচ্ছে, তিনি অন্য একজন ব্যক্তিকে লক্ষ্য করে কয়েকবার গুলি চালানোর পর নিজেই নিজের ওপর গুলি চালিয়েছেন।

প্রাথমিক ব্যবস্থা গ্রহণের পর ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। জার্মান পুলিশ বলেছে, তারা একটি অভিযান সমাপ্ত করেছে এবং উত্তরের বন্দর শহর হামবুর্গে গুলিবর্ষণের কারণ অনুসন্ধান করছে।

জার্মানির বিল্ড পত্রিকায় প্রকাশিত তথ্য অনুসারে, হামবুর্গের লাঙ্গেনহর্ন জেলায় শনিবার মধ্যরাতের দিকে গুলিবর্ষণের পর পুলিশকে ডাকা হয়। এরপর ঘটনাস্থলে দুই ডজনের বেশি জরুরি সেবার গাড়ি হাজির হয়।

পুলিশ সেখানে দুইটি ভবনের মাঝের স্থান থেকে দুইটি মরদেহ উদ্ধার করে। দুজনেরই গুলির আঘাতে তাৎক্ষণিক মৃত্যু হয়।

সূত্র : ডয়চে ভেলে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.