বিশ্বের কাছে হিরোর সম্মান পাচ্ছে ছেলে, প্রথম খবর পেয়েই স্মিতের বাবা-মা ছুটেছিলেন মন্দিরে

তেল আভিভগামী বিমানে ভারতীয় পাইলট স্মিত মাচ্ছারের সাহসিকতাই ১৭৪ জন যাত্রীর প্রাণ বাঁচিয়েছে। আর তারপর থেকেই খবরের শিরোনামে তিনি। কিন্তু বুধবার সকালে ফ্লাইদুবাই বিমান বিপর্যয়ে ছেলের নাম শুনেই বুক কেঁপে উঠেছিল বাবা-মায়ের। অজানা ভয়ে আর আশঙ্কায় চারিদিক স্তব্ধ হয়ে গিয়েছিল। তবে কিছুক্ষণের মধ্যেই নিজেদের সামলে উঠে ঈশ্বরের স্মরণাপন্ন হন তাঁরা। শুক্রবার সর্বভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি-কে এমনটাই জানিয়েছেন ক্যাপ্টেনের বাবা ভূপেন্দ্র মাচ্ছার।

 

 

বুধবার আচমকাই ফ্লাইদুবাই বিমানের ককপিটে সহকারী পাইলটের নৃশংস হামলার মুখে পড়েন ক্যাপ্টেন মাচ্ছার। ধারালো কুঠারাঘাতের মধ্যেও বিমানকে স্থিতিশীল রাখার চেষ্টা চালিয়ে যান স্মিত। রক্তাক্ত অবস্থায় এটিসি-কে আপৎকালীন কোড পাঠানোর পাশাপাশি মাটিতে লুটিয়ে পড়ার আগে খুলে দেন বিমানের ককপিট। আর তারপরেই বাকি যাত্রীদের সহযোগিতায় বিমানটি জরুরি অবতরণ করে। প্রাণ বাঁচে অকুতোভয় স্মিত মাচ্ছারের।

কিন্তু প্রথম যখন খবরটি সংবাদমাধ্যম থেকে জানতে পারেন, তখন স্বাভাবিক ভাবেই স্তম্ভিত হয়ে যায় স্মিতের গোটা পরিবার। এনডিটিভি-কে দেওয়া এক সাক্ষাৎকারে সেই কঠিন সময়ের কথা জানান ক্যাপ্টেনের বাবা। তিনি বলেন,  “কয়েক মুহূর্তের মধ্যেই ঘোর কাটিয়ে ছুটে ওর মা আর আমি ছুটে যাই মন্দিরে। ভগবানের কাছে আকুল প্রার্থনা জানাই, আর যাই হয়ে যাক, যেন কোনও খারাপ খবর না আসে। যেন বেঁচে যায় আমাদের সন্তান।”

বর্তমানে আবুধাবির হাসপাতালে ভর্তি স্মিত। হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে স্থিতিশীল তিনি। ছেলের প্রশংসায় পঞ্চমুখ দেশ-বিদেশের রাষ্ট্র প্রধানরা। বীর তকমা জুটেছে ইতিমধ্যেই। ছেলের এই অসীম  সাহসিকতা প্রসঙ্গে বাবা বলেন, “ককপিটে পড়ে যাওয়ার পর স্মিত ভেবেছিল, এখনই কিছু না করলে কেউ বাঁচবে না। বিমানের ১৭৪ জন যাত্রীর কারওর যাতে  প্রাণ না যায়—এই একটাই লক্ষ্য ছিল তাঁর। এমন পরিস্থিতির জন্য কেউ তৈরি থাকে না, তবে ঈশ্বরই ওকে এই সাহসিকতার জন্য অন্তরের অদম্য শক্তি জুগিয়েছেন।”

তিনি আরও জানান, হাসপাতাল সূত্রে খবর, স্মিত মাচ্ছারের মাথায় অস্ত্রোপচার হয়েছে। প্রচুর সেলাই পড়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, ঘা শুকাতে এবং পুরোপুরি সুস্থ হতে বেশ কিছুদিন সময় লাগবে।

পাইলট হিসেবে ১৭ বছরের অভিজ্ঞতা স্মিতের। বিমানচালনাই তাঁর ধ্যানজ্ঞান।  পেশার প্রতি ভালোবাসার কথা বলতে গিয়ে ভূপেন্দ্র  রসিকতা করে বলেন, “বিমানই ওর স্ত্রী!” তবে ছেলে ‘হিরো’ হলেও পরিবারের কাছে তাঁর শারীরিক সুস্থতাই এখন সবচেয়ে বড় অগ্রাধিকার। সুস্থ হয়ে উঠে স্মিত আবার আকাশে ডানা মেলবেন বলেই আশাবাদী তাঁর পরিবার।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.