ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পরীক্ষায় পাসের হার ২১.৭৫ শতাংশ। সে হিসেবে পাস করেছেন ৫ হাজার ৭৯ জন।
আজ মঙ্গলবার দুপুর ১২টার পর অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ।
এই ইউনিটে মেধাতালিকায় প্রথম হয়েছেন নটরডেম কলেজের শিক্ষার্থী আরাফাত সামির আবির। দ্বিতীয় হয়েছেন ঢাকা সিটি কলেজের শিক্ষার্থী মো. মোস্তাফিজুর রহমান। তৃতীয় হয়েছেন আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী কাজী হাসনা হেনা।
এদিকে, আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণার পরপরই ভর্তিচ্ছুরা ফল জানতে পারছেন। বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (https://admission.eis.du.ac.bd) থেকে ফল জানা যাচ্ছে। এছাড়া মুঠোফোনেও ফল পাওয়া যাচ্ছে। মুঠোফোনে ফল পেতে মেসেজ অপশনে গিয়ে DU GA টাইপ করে 16321 নম্বরে পাঠালে ফিরতি মেসেজে ফল জানা যাবে।
প্রসঙ্গত, গত ২২ অক্টোবর ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। ওইদিন বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরের কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘গ’ ইউনিটে এবার ১ হাজার ২৫০ আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিয়েছেন ২৩ হাজার ৩৪৭ জন।

