ঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে ২ নারী নিহত

নারায়ণগঞ্জের ফতুল্লায় ফ্ল্যাটের ভেতর জমে থাকা গ্যাস বিস্ফোরণে দুই নারী নিহত হয়েছেন। এসময় নারী-শিশুসহ আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন।

আজ শুক্রবার সকালে লালখাঁর মোড়ের মোক্তার মিয়ার পাঁচতলা ভবনের একটি ফ্ল্যাটে এ দুর্ঘটনা ঘটে।

বিস্ফোরণে ওই ফ্ল্যাটের পাঁচটি কক্ষসহ পাশের আরও দুটি বাড়ির দেয়াল ধসে গেছে। নিহতদের নাম- মায়া রানী (৪০) ও মঙ্গোলী রানী (৪২)। আহতদের মধ্যে নাছির, হোসেন, কলমী, জাহিদুল, মনিসহ কয়েকজনকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, সকালে মোক্তার মিয়ার ভবনের নিচ তলার একটি ফ্ল্যাটে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে পাশের আরও দুটি বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ ঘটনায় মায়া রানী ঘটনাস্থলেই দেয়ালের নিচে চাপা পড়ে মারা যান। পাশের বাসার স্বামী-স্ত্রী ও তাদের দুই শিশুসন্তান দেয়ালের নিচে চাপা পড়ে আহত হয়। আহতদের মধ্যে মঙ্গোলী রানী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, ‘কোনো রুমে গ্যাস জমে ছিল। তা থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ওই বাড়ির পাঁচটি রুমের দেওয়াল চূর্ণ হয়ে আগুন ধরে গেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ করেছে।’

নারায়ণগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, ‘গ্যাস বিস্ফোরণের ঘটনায় দুজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.