লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য শহীদুল ইসলাম পাপুলকে গ্রেপ্তার করেছে কুয়েত পুলিশ।
শনিবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় কুয়েতের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা কুয়েতের মুশরেফ আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বলে জানা গেছে।
কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবুল কালাম টেলিফোনে দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বছরের শুরুতে কুয়েতের পুলিশ এমপি শহীদুল ইসলাম পাপুলের বিরুদ্ধে মানবপাচারের অভিযোগে তদন্ত শুরু করে বলে খবর প্রকাশ হয়। তখন তিনি পালিয়ে দেশে চলে আসেন। ১৪ ফেব্রুয়ারি রাতে আবার কুয়েত চলে যান।
তার স্ত্রী সেলিনা ইসলামও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য। তারা দুজনই স্বতন্ত্র হিসেবে নির্বাচিত।
ফেব্রুয়ারির শেষের দিকে এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে কাজী শহীদুল ইসলাম পাপুল কুয়েত থেকে মোবাইল ফোনে দেশ রূপান্তরকে বলেছিলেন, ‘আমি রাজনৈতিক ও দেশি-বিদেশি নানামুখী ষড়যন্ত্রের শিকার। আন্তর্জাতিক অঙ্গনে আমি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। আমার প্রতিষ্ঠানে মারাফি কুয়েত গ্রুপে ৪ হাজার ভারতীয় ও ১০ হাজার বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ৩০ হাজার লোক কাজ করেন। আমার বিরুদ্ধে কারও কোনো অভিযোগ নেই। কারা কেন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে সেটা আমার বোধগম্য নয়।’
এদিকে লক্ষ্মীপুর-২ আসনের সাংসদ কাজী শহীদুল ইসলাম পাপুলের বিরুদ্ধে মানবপাচারসহ জ্ঞাত আয়বহির্ভূত উপায়ে শতশত কোটি টাকা অর্জন করে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
শুদ্ধস্বর/এস এ কে

