অমিত শাহের কলকাতা সফরের সময় সিপিএম-সহ বামপন্থী দলগুলি বিক্ষোভ করবে

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কলকাতা সফরের সময় তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাবে বাম ছাত্র সংগঠন। সেই কর্মসূচিতে শামিল হবে সিপিএম-সহ বামপন্থী দলগুলিও।বৃহস্পতিবার আলিমুদ্দিনের এক সাংবাদিক সম্মেলনে সিপিএম নেতা মহম্মদ সেলিম এই কর্মসূচির কথা জানান। তিনি বলেন, “প্রায় এক দেড় মাস আগে প্রধানমন্ত্রীর কলকাতা সফরের সময় যেভাবে তাঁকে বিক্ষোভ দেখানো হয় সেই পন্থাই অবলম্বন করা হবে স্বরাষ্ট্রমন্ত্রীর সফরের সময়ও।”

১১ জানুয়ারি কলকাতায় এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁকে ঘিরে বিক্ষোভ প্রদর্শনের জন্য প্রায় টানা ২৪ ঘণ্টা অচল ছিল কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলা। কালো পতাকা, মাস্ক পরে, কালো বেলুন দিয়ে প্রতিবাদ করা হয়। সেই আন্দোলনের নেপথ্যে ছিল বাম সংগঠন। এবারেও তাঁরা চান স্বরাষ্ট্রমন্ত্রী শহিদ মিনারের সভায় সিএএ নিয়ে প্রচারে এলে তাঁকে ঘিরে বিক্ষোভ প্রদর্শন করা হবে। দিল্লির ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপিকে দায়ী করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফরকে ঘিরেই বামেদের এই বিক্ষোভের কর্মসূচি। প্রধানমন্ত্রীকে বিক্ষোভ দেখানোর ছকেই তারা রবিবার অমিত শাহের সভা ভণ্ডুল করতে আহ্বান জানায় সকল বাম ছাত্র-যুব সংগঠনকে।

এদিন বামেদের সঙ্গে জোট সঙ্গী হয়ে বিমানবন্দর ও শহিদ মিনারে কালো পতাকা দেখানোর পরিকল্পনা নেয় কংগ্রেসও। তবে বাম ও কংগ্রেসের এই বিক্ষোভ কর্মসূচিকে আমল দিতে নারাজ রাজ্য বিজেপি নেতৃত্ব। রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের বক্তব্য, “বামপন্থীদের কাজই হচ্ছে বিক্ষোভ দেখানো। ছোটবেলা থেকে ওদের বিক্ষোভই দেখে আসছি। বামপন্থীদের নেতিবাচক দেশবিরোধী রাজনীতি বাংলার মানুষ মেনে নেবে না।” উল্লেখ্য, আগামী ১ মার্চ শহিদ মিনার ময়দানে সিএএ-র সমর্থনে সভা করবেন অমিত শাহ। ২৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় তাঁর কলকাতায় পৌঁছনোর কথা। বামেদের এই বিক্ষোভের হুঁশিয়ারিকে ঘিরে শাহর কলকাতা সফর নিয়ে ক্রমশ চড়ছে রাজনৈতিক উত্তেজনার পারদ।

 

শুদ্ধস্বর/ আইপি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.