রাজধানীর শনির আখড়ায় বিস্ফোরণে দেয়াল ধসে পড়ে ফরিদ আহমেদ (৫০) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন। আজ সোমবার সকাল সাড়ে ৯টায় শনির আখড়ার আরএস টাওয়ারের পাশে তিনতলা একটি বাড়ির দ্বিতীয় তলায় বিস্ফোরণের পর দেয়ালটি ধসে পড়ে। নিহত ফরিদ আহমেদ পেশায় টুপি ব্যবসায়ী। তিনি কদমতলীর রসুলপুর এলাকায় থাকেন।
তার স্ত্রী রওশন জানান, রিকশায় করে ওই এলাকা দিয়ে বাজার করার জন্য যাচ্ছিলেন ফরিদ। এসময় দেয়াল ধসে কয়েকটি ইট তার মাথায় পড়লে তিনি আহত হন। এই অবস্থায় ফরিদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত তিনজন হলেন- ভ্যানচালক সাইদুল (৩০), ফল ব্যবসায়ী জাকির হোসেন (৩৫) ও একটি বেকারির ম্যানেজার কামাল হোসেন (৪০)।
শুদ্ধস্বর/বি তালুকদার

