জরুরি অবস্থা নিয়ে সংসদেও কংগ্রেসকে তীব্র কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতির বক্তৃতার উপর লোকসভায় জবাবি ভাষণে প্রধানমন্ত্রী বলেন, ‘‘আজ ২৫ জুন। এই দিনেই দেশের আত্মাকে পিষে মারা হয়েছিল। সেই সময়কার পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে মোদী বলেন, সাংবাদিকদের জেলে পোরা হয়েছিল। নেতাদের বন্দি করা হয়েছিল। সাধারণ মানুষের মধ্যে এমন আতঙ্ক তৈরি হয়েছিল যে, সেই আতঙ্কের কথা মনে হলে এখনও আত্মা কেঁপে ওঠে।
কংগ্রেস তথা বিরোধীদের উদ্দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘‘আপনারা এত উপরে উঠে গিয়েছেন যে, ভুমি দেখতে পান না। আপনারা এত উপরে উঠেছেন যে, শিকড় থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন।’’
বিরোধী দলনেতা অধীর চৌধুরী সোমবারই লোকসভায় শাসক দল তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ ছোড়েন, সনিয়া গান্ধী বা কংগ্রেসের কেউ যদি দুর্নীতিতে জড়িত থাকেন, তা হলে তাদের গ্রেফতার করে জেলে পাঠাননি কেন? সেই প্রশ্নের জবাবে এ দিন পাল্টা কটাক্ষে মোদী বলেন, ‘‘আমরা সরকার চালাই, আইন ব্যবস্থা চালাই না। আমরা কাউকে জেলে পুরতেও চাই না।’’ ন্যাশনাল হেরাল্ড মামলায় জামিন পেয়েছেন সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী। সেই প্রসঙ্গ টেনে খোঁচা দিতেও ছাড়েননি প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘‘কেউ জামিন পেয়ে পেয়ে বাইরে আছে, থাকুন না। এনজয় করুন।’’
শুদ্ধস্বর/এস এ কে

