ঐক্যফ্রন্টে ঐক্য নেই, সরকারের বিরুদ্ধে কী আন্দোলন করবে?

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলছেন, ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন ঐক্যফ্রন্টের নিজেদের মধ্যেই তো ঐক্য নেই। তারা আবার সরকারের বিরুদ্ধে কী আন্দোলন করবে?

সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে ঈদপরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি। তারা সাজা কার্যকরের দায়িত্ব রাষ্ট্রের তথা সরকারের। প্রধানমন্ত্রী গতকাল এ কথাটিই বলেছেন।

তিনি বলেন, বিএনপির দৈন্যদশা এমন পর্যায়ে পৌঁছেছে যে, সন্ত্রাসী মামলায়, হত্যাচেষ্টার মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত একজন আসামিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান করেছে।

কিন্তু দণ্ডপ্রাপ্ত আসামির দণ্ড কার্যকর করা সরকারের দায়িত্ব। সরকার এ দায়িত্ব যথাযথভাবে পালন করবে, বলেন তথ্যমন্ত্রী।

একাদশ সংসদকে বিএনপি নেত্রী রুমিন ফারহানা অবৈধ বলা প্রসঙ্গে তিনি বলেন, এ কথা বলে তিনি নিজেই তো অবৈধ হয়ে গেলেন। বিএনপির কথাবার্তার ঠিক নেই।

দলটির নেতারা একবার বলেন, তারা শপথ নেবেন না; পরে তারা আবার শপথ নিলেন। কিন্তু তাদের মহাসচিব শপথ নিলেন না। আবার সেই আসনে নির্বাচনে অংশগ্রহণ করছেন। সর্বশেষ ভাগে পাওয়া নারী আসনটিও ছাড়লেন না।

শুদ্ধস্বর/এন.হাসান

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.