শ্রীলঙ্কা বিস্ফোরণে দুই বাংলাদেশী নিখোঁজ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের প্রেস ব্রিফিং

শ্রীলংকায় একযোগে গির্জা ও বিলাসবহুল হোটেলে বোমা হামলার ঘটনার পর থেকে এক শিশুসহ দুই বাংলাদেশি পর্যটকের খোঁজ পাওয়া যাচ্ছে না। রোববার দুপুরে ঢাকায় এক ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এ তথ্য জানিয়েছেন।

সকালে ইস্টার সানডের প্রার্থনারত অবস্থায় এই হামলায় এখন পর্যন্ত ১৮৫ জন নিহত হয়েছেন। যাদের মধ্যে ৩৫ বিদেশি নাগরিক রয়েছেন।

শাহরিয়ার আলম বলেন, দুজন বাঙালি আন অ্যাকাউন্টেড। তাদের পরিবারের অন্যরা অ্যাকাউন্টেড। আমরা তাদের অবস্থা জানার চেষ্টা করছি। যত তাড়াতাড়ি ট্রেস করা যাবে, আমরা তাদের পরিবারকে জানাব।

ওই দুইজনের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করেননি প্রতিমন্ত্রী । তিনি বলেন, ওই দুইজনের খোঁজে কলম্বোর হোটেল ও হাসপাতালগুলোতে খোঁজ করা হচ্ছে।

এক প্রশ্নের জবাবে শাহরিয়ার আলম বলেন, চারজন বাংলাদেশির একটি দল কলম্বো গিয়েছিল টুরিস্ট হিসেবে। তাদের মধ্যে দুজন ঠিকঠাক থাকলেও একটি শিশুসহ দুজনের খোঁজ পাওয়া যায়নি।

প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানান, বাংলাদেশিদের তথ্য পাওয়ার সুবিধার জন্য কলম্বোয় বাংলাদেশ দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা মোসাম্মত মাহমুদা বেগমকে ফোকাল পয়েন্ট নির্ধারণ করা হয়েছে।

মাহমুদা বেগম বলেন, ঘটনার পর থেকে শ্রীলঙ্কায় অবস্থানরত সব বাংলাদেশির সঙ্গে যোগাযোগ করে তাদের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছেন তারা।

বাংলাদেশি কারও কোনো সহযোগিতা বা তথ্যের প্রয়োজন হলে +94712406313 নম্বরে ফোন করে মাহমুদার সঙ্গে কথা বলতে পারবেন ।

শুদ্ধস্বর/ এইচ বি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.