বাংলাদেশী যুবকের দশ আঙুলের নখ উপড়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ

 

 

নওগাঁর সাপাহার সীমান্তে আজিম উদ্দীন নামে এক বাংলাদেশি যুবকের উপর অমানবিক নির্যাতন চালিয়ে দুই হাতের দশ আঙুলের নখ উপড়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

শনিবার ভোরে পাতাড়ী সীমান্তের বিপরীতে ভারতের রাঙ্গামাটি ৬০ বিএসএফের জওয়ানরা এই ঘটনা ঘটান বলে নওগাঁস্থ ১৬ বিজিবি ব্যাটালিয়ান অধিনায়ক লেঃ কর্ণেল তুহিন মোহাম্মদ মাসুদ নিশ্চিত করেছেন। নির্যাতনের শিকার ঐ যুবকের নাম আজিম উদ্দিন (২০)। তিনি জেলার তুলশীডাঙ্গা গ্রামের কবির উদ্দিনের সন্তান।

জানা যায়, শুক্রবার দিবাগত রাতে একদল গরু ব্যবসায়ীর সাথে উপজেলার রাখাল হিসেবে ভারতের অভ্যন্তরে গরু আনতে যান আজিম উদ্দিন। গরু নিয়ে তারা আজ ভোরে সীমান্তের ২৪২ নং পিলারের এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে ৬০ বিএসএফের টহলরত জোয়ানরা তাদের ধাওয়া করে। এ সময় অন্যান্যরা গরু রেখে পালিয়ে যেতে সক্ষম হলেও আজিম উদ্দিন বিএসএফের কাছে ধরা পড়েন।

পরে বিএসএফের সদস্যরা আজিমকে ক্যাম্প এলাকায় নিয়ে তার উপর অমানবিক অত্যাচার চালায়। এসময় বিএসএফ সদস্যরা আজিমের হাত দশ আঙুলের নখ উপড়ে ফেলেন এবং তার উপর শারীরিক নির্যাতন চালান। অমানুষিক নির্যাতনের এক পর্যায়ে আজিম জ্ঞান হারিয়ে ফেললে অচেতন অবস্থায় তাকে সীমান্তবর্তী পুনর্ভবা নদীর জিরো পয়েন্টে ফেলে রেখে চলে যায় বিএসএফ।

এদিকে, ভোর ৫টার দিকে আদাতলা ১৬ বিজিবি’র একটি টহল দল পুনর্ভবা নদীর কিনারে ওই যুবককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে তাকে উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন বিজিবি সদস্যরা।

শুদ্ধস্বর/বিটি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.