কারাগার থেকেই প্রতিবন্ধী সন্তানকে শেষ বিদায় যুব মহিলা লীগ নেত্রীর

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দি যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা শর্মির প্রতিবন্ধী সন্তান তূর্য মারা গেছে। কারাগার থেকেই সন্তানকে শেষ বিদায় জানান এই নেত্রী।

আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুরের কাশিমপুর কারাগারে মরদেহবাহী অ্যাম্বুলেন্স ঢোকে। সরাসরি কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। সেখান থেকেই ছেলে তূর্যকে বিদায় জানান সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার যুব মহিলা লীগ নেত্রী শারমিন সুলতানা শর্মি।

কারাবন্দি নেত্রী শারমিন সুলতানা শর্মি (৪৪) ঢাকার লালবাগ থানার সাহেব বাজার এলাকার শাহাদাত হোসেন নিপুনের স্ত্রী। তিনি ইডেন কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

কারাবন্দি নেত্রীর স্বামী শাহাদাত হোসেন নিপুন বলেন, গত ৪ অক্টোবর লালবাগ থানা পুলিশ গভীররাতে বাসায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে। পরবর্তীতে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে সন্তান জন্ম থেকে প্রতিবন্ধী। প্রতিবন্ধী সন্তান তুর্য জন্মের পর থেকে মায়ের হাতে খাওয়া-দাওয়া সবকিছু করতেন। স্ত্রী শর্মি গ্রেপ্তারের পর সে অনেক বেশি মানসিকভাবে ভেঙে পড়ে। সঠিক পরিচর্যা করার মতো কেউ ছিল তার কাছে। গতকাল শুক্রবার হঠাৎ অসুস্থ হয়ে তুর্য মারা যায়।

 

তিনি আরও বলেন, আটকের আগ পর্যন্ত স্ত্রীর নামে কোনো মামলা ছিল না। ষড়যন্ত্র করে স্ত্রীকে আটক করার পর সন্ত্রাসবিরোধী মামলায় জড়ানো হয়েছে।

কারাগার থেকে বের হয়ে বন্দি শারমিন সুলতানার ছোট বোন শাম্মী জানান, আমার বোন ২০২২ সাল থেকে রাজনীতি করে না। তাকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে। আমার বোন একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। এ রাষ্ট্র আমার বোনকে জামিন দিল না। আমার বোনের অভাবে তার সন্তান মারা গেলো। মাত্র পাঁচ মিনিট সময় দিলো আমার বোনকে তার সন্তানকে শেষবার দেখতে।

গাজীপুর কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. নজরুল ইসলাম বলেন, বন্দি শারমিন সুলতানার ছেলের মরদেহ বেলা সাড়ে ১১টার সময় ফ্রিজিং ভ্যানে করে কারাগারে আনা হয়েছে। সঙ্গে তার পরিবারের স্বজনরাও এসেছেন। পরে নিয়ম অনুযায়ী মরদেহ দেখার সুযোগ দেওয়া হয়েছে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.