বাংলাদেশে পোশাকশিল্পে অস্থিরতা, শ্রমিক বিক্ষোভ এবং উৎপাদন ব্যাহত হওয়ার সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে আন্তর্জাতিক বাজারে। আর সেই পরিস্থিতির সুযোগে লাভবান হচ্ছে ভারত। বাংলাদেশের পরিবর্তে ভারতের বিভিন্ন সংস্থাকে পোশাক তৈরির বরাত দিতে শুরু করেছে বিশ্বের একাধিক নামী ফ্যাশন ব্র্যান্ড। তালিকায় রয়েছে জারা, এইচঅ্যান্ডএম, মার্কস অ্যান্ড স্পেনসার এবং সেলিওর মতো সংস্থা। সব মিলিয়ে বাংলাদেশ থেকে প্রায় ২৫৪ মিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় ২,৩৫০ কোটি টাকার পোশাক তৈরির বরাত সরিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বরাত পেয়েছে ভারত।
রয়টার্সের প্রতিবেদন অনুয়ায়ী, ১ থেকে ১৮ নভেম্বরের মধ্যে বাংলাদেশ থেকে এই বিপুল অঙ্কের বরাত অন্য দেশে সরিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের তিন পোশাক কারখানার মালিকের দেওয়া তথ্য অনুযায়ী, এই অঙ্ক দেশটির এক মাসের মোট পোশাকের বরাতের প্রায় ১০ শতাংশ। ভারত ছাড়াও ভিয়েতনাম, কম্বোডিয়া এবং ইন্দোনেশিয়ার মতো দেশ এই বরাতের কিছু অংশ পেয়েছে। বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান স্তম্ভ তৈরি পোশাকশিল্প। এই শিল্পে প্রায় ৪০ লক্ষ মানুষের কর্মসংস্থান রয়েছে। দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশেরও বেশি আসে এই ক্ষেত্র থেকে। ফলে পোশাকশিল্পে দীর্ঘদিনের অস্থিরতা শুধু শ্রমিকদের জীবিকাকেই নয়, দেশের সামগ্রিক অর্থনীতিকেও প্রভাবিত করছে।
কেন বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে আন্তর্জাতিক সংস্থাগুলি? এর অন্যতম কারণ শ্রমিক অসন্তোষ। অক্টোবরের দ্বিতীয়ার্ধ থেকে পোশাকশিল্পের শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন শুরু করেন। ৩১ অক্টোবরের পর সেই বিক্ষোভ আরও ছড়িয়ে পড়ে। ঢাকার পাশাপাশি গাজিপুর ও নারায়ণগঞ্জের মতো গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলেও পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিভিন্ন জায়গায় কারখানা ভাঙচুর, গাড়িতে আগুন, পুলিশের সঙ্গে সংঘর্ষ এবং সড়ক অবরোধের মতো ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে বহু কারখানা সাময়িকভাবে বন্ধ রাখতে হয়।
শ্রমিকদের মূল দাবি ছিল মাসিক ন্যূনতম বেতন সাড়ে ১২ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করা। তাঁদের বক্তব্য, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম, বাড়িভাড়া, যাতায়াত এবং চিকিৎসার খরচ যেভাবে বেড়েছে, তাতে বর্তমান বেতনে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। গত ২৫ নভেম্বর বাংলাদেশে ন্যূনতম বেতন ৩৬ শতাংশ বাড়িয়ে ১৭ হাজার টাকা করার সিদ্ধান্ত নেয় মজুরি বোর্ড। কিন্তু শ্রমিকদের দাবির তুলনায় এই বৃদ্ধি অনেকটাই কম। ফলে নতুন বেতন কাঠামো ঘোষণার পরেও বিক্ষোভ পুরোপুরি থামেনি। নতুন করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এই অস্থিরতার প্রভাব পড়েছে উৎপাদনে। বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, শ্রমিক বিক্ষোভের জেরে উৎপাদনে ক্ষতির পরিমাণ ৪০০ মিলিয়ন ডলারেরও বেশি। একদিকে কারখানা বন্ধ, অন্যদিকে উৎপাদন ও পণ্য সরবরাহে দেরির কারণে আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা হারানোর আশঙ্কা তৈরি হয়েছে। শুধু শ্রমিক অসন্তোষ নয়, উৎপাদন খরচ বৃদ্ধিও বাংলাদেশের পোশাকশিল্পের জন্য বড় সমস্যা হয়ে উঠেছে। বেতন বৃদ্ধি, বিদ্যুৎ ও জ্বালানির খরচ এবং কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় কারখানার মালিকদের উপর আর্থিক চাপ বাড়ছে। এর পাশাপাশি বিদ্যুৎ সরবরাহের সমস্যাও উৎপাদন ব্যাহত করছে।
আন্তর্জাতিক ক্রেতাদের কাছে পণ্য সময়মতো পৌঁছে দেওয়াও এখন বড় বিষয়। অ্যাসোসিয়েশনের মহিউদ্দিন চৌধুরী জানান, বাংলাদেশে একটি পোশাক তৈরি করে ক্রেতার কাছে পৌঁছে দিতে প্রায় ১২০ দিন সময় লাগে। সেখানে ভারতের মতো প্রতিযোগী দেশগুলিতে ৬০ থেকে ৯০ দিনের মধ্যে সেই কাজ সম্পন্ন করা সম্ভব। ফলে শুধু কম খরচ নয়, দ্রুত পণ্য সরবরাহের ক্ষেত্রেও ভারত আন্তর্জাতিক সংস্থাগুলির কাছে আকর্ষণীয় হয়ে উঠছে।
বাংলাদেশের পোশাকশিল্পের এই পরিস্থিতি ভারতের বস্ত্র ও তৈরি পোশাকশিল্পের কাছে নতুন সম্ভাবনা তৈরি করেছে। বরাত সরানোর খবর প্রকাশ্যে আসার পর ভারতীয় শেয়ার বাজারেও কয়েকটি বস্ত্র সংস্থার শেয়ারে ঊর্ধ্বগতি দেখা গিয়েছে। গোকলদাস এক্সপোর্টসের শেয়ার এক পর্যায়ে প্রায় ১১ শতাংশ বেড়েছে। ট্রাইডেন্টের শেয়ার বেড়েছে প্রায় ৫ শতাংশ। ওয়েলস্পান লিভিং, কেপিআর মিল এবং বর্ধমান টেক্সটাইলসের মতো সংস্থার শেয়ারেও প্রায় ২ শতাংশ বৃদ্ধি দেখা গিয়েছে। তবে এই সুযোগ কতদিন ভারতের হাতে থাকবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। আপাতত বাংলাদেশের পরিস্থিতির কারণে আন্তর্জাতিক সংস্থাগুলি বিকল্প উৎপাদন কেন্দ্রের দিকে ঝুঁকছে। কিন্তু শ্রমিক অসন্তোষ, উৎপাদন ব্যাহত হওয়া এবং রাজনৈতিক অনিশ্চয়তা দীর্ঘস্থায়ী হলে সাময়িকভাবে সরিয়ে নেওয়া বরাত ভবিষ্যতে স্থায়ী ব্যবসায়িক সিদ্ধান্তেও পরিণত হতে পারে।

