রাজধানীতে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত একের পর এক ককটেল বিস্ফোরণ, আটক ১

রাজধানীর বিভিন্ন এলাকায় আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত ওয়ারী, হাতিরপুল, মিরপুর, বনানী ও ধানমন্ডির পাঁচটি পৃথক স্থানে এসব বিস্ফোরণ ঘটে। এর মধ্যে হাতিরপুলে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। বাকি ঘটনাগুলোতে জড়িতদের কাউকে গ্রেপ্তার করা যায়নি।

পুলিশ জানায়, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে ওয়ারী এলাকার আবেদ আলী উচ্চ বিদ্যালয়ের সামনে প্রথম বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পরপরই জড়িত ব্যক্তিরা পালিয়ে যায়। ওয়ারী থানার পরিদর্শক (অপারেশন) মোস্তাফিজুর রহমান জানান, বিস্ফোরণের শব্দ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

এরপর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাতিরপুলের ইস্টার্ন প্লাজার সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ সময় পালানোর চেষ্টা করলে একজনকে আটক করে পুলিশ। তাঁকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা।

রাত সাড়ে ৮টার দিকে মিরপুর-১০ গোলচত্বর এলাকায় শাহ আলী প্লাজার বিপরীত পাশে আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, বিস্ফোরণের পর জড়িত ব্যক্তিকে ধাওয়া করেন মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত)। তবে তাঁকে আটক করা সম্ভব হয়নি।

এদিকে রাত ১০টার দিকে বনানীর সরকারি তিতুমীর কলেজের ছাত্রী হোস্টেলে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। বনানী থানার ওসি মো. সালাহউদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সবশেষ রাত ১০টা ৩৫ মিনিটের দিকে ধানমন্ডি ২৭ নম্বরে রাপা প্লাজার সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ধানমন্ডি থানার ওসি মোহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

পুলিশ জানিয়েছে, পাঁচটি ঘটনার মধ্যে হাতিরপুলের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। অন্য চারটি ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে চেষ্টা চলছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.