ওয়ারীতে আবাসিক হোটেলের ব্যবস্থাপককে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক:পুরান ঢাকার ওয়ারীতে একটি আবাসিক হোটেলে ঢুকে ব্যবস্থাপককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় হোটেলের মহাব্যবস্থাপক ও এক কর্মচারী গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত ২টার দিকে জয়কালী মন্দিরের পাশে ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দেশীয় অস্ত্র নিয়ে দুই ব্যক্তি হোটেলে প্রবেশ করে ব্যবস্থাপক নাঈমুর রহমানকে এলোপাতাড়ি কোপাতে থাকে। তাঁর চিৎকার শুনে মহাব্যবস্থাপক আব্দুর রাজ্জাক ও কর্মচারী হাসান এগিয়ে গেলে হামলাকারীরা তাঁদেরও কুপিয়ে জখম করে। পরে গুরুতর অবস্থায় তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক নাঈমুরকে মৃত ঘোষণা করেন।

আহত রাজ্জাক ও হাসানকে ঢাকা মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শ্যামলীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান শুক্রবার সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশের ধারণা, পূর্বশত্রুতার জেরে এ হামলা চালানো হয়ে থাকতে পারে। তদন্তসংশ্লিষ্টদের সন্দেহ, স্থানীয় এক মুরগি ব্যবসায়ী ও তাঁর ছেলে এ ঘটনায় জড়িত থাকতে পারেন। তবে হোটেলকর্মীদের সঙ্গে তাঁদের কী নিয়ে বিরোধ ছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার পরপরই তদন্ত শুরু করেছে পুলিশ। হামলাকারীরা কীভাবে ভেতরে ঢুকেছিল এবং এর পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত কর্মকর্তারা জানান, প্রত্যক্ষদর্শীদের তথ্য যাচাই ও আহত দুই কর্মচারীর বক্তব্য নেওয়ার পর হামলার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.