রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সেই খতিব

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিনকে পাঁচ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ শুক্রবার বিকেলে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীরের আদালত এ আদেশ দেন।

ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পাঁচ দিনের রিমান্ড শেষে মুফতি রুহুল আমিনকে কারাগারে পাঠানো হয়েছে।

এদিন পাঁচ দিনের রিমান্ড শেষে রুহুল আমিনকে আদালতে হাজির করা হয়। তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সিরিয়াস ক্রাইম (টিএইচবি) শাখার পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমান।

আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, মামলার গ্রেপ্তার আসামিকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, ঘটনার দিন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে উপস্থিত ছিলেন এবং তার সামনেই মামলার ঘটনা ঘটে। এ ছাড়া মামলার বিষয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন তিনি। তার কাছ থেকে পাওয়া তথ্য যাচাই-বাছাইয়ের কাজ চলছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখা প্রয়োজন।

এর আগে গত ১৮ নভেম্বর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এ ব্লকের একটি বাসা থেকে মুফতি রুহুল আমিনকে গ্রেপ্তার করা হয়। পরদিন ১৯ নভেম্বর তাকে পাঁচ দিনের পুলিশ রিমান্ডে পাঠানোর আদেশ দেন আদালত।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর শুক্রবার জুমার নামাজ আদায় করতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে যান প্রবাসফেরত এক ব্যবসায়ী। নামাজের আগে ইসলামিক ফাউন্ডেশন থেকে দায়িত্বপ্রাপ্ত ইমাম মুফতি আবু সালেহ পাটোয়ারী খুতবা পাঠ করছিলেন। এ সময় রুহুল আমিনসহ অন্য আসামিরা মসজিদে প্রবেশ করে ইমামকে মিম্বর থেকে টেনেহিঁচড়ে নিচে নামিয়ে আনেন এবং তাঁর হাত থেকে মাইক কেড়ে নেন।

অভিযোগে আরও বলা হয়, এ ঘটনায় বাধা দিতে গেলে রুহুল আমিনের নির্দেশে অপর এক আসামি রড দিয়ে এক মুসল্লির ডান চোখে আঘাত করেন। এতে তাঁর চোখ গুরুতর জখম হয়। এ ছাড়া অন্য আসামিদের হামলায় ৫০ থেকে ৬০ জন মুসল্লি আহত হন। হামলাকারীরা ওই মুসল্লির পকেট থেকে ৩০ হাজার টাকা নিয়ে যান এবং মসজিদের প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি করেন।

এ ঘটনায় হাফেজ মাওলানা মোহাম্মদ জিয়াউর রহমান নামের ওই প্রবাসী বাদী হয়ে পল্টন থানায় মামলা করেন। মামলায় রুহুল আমিনসহ অন্য আসামিদের বিরুদ্ধে মারধর, হত্যাচেষ্টা, চুরি ও ভাঙচুরসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়।

উল্লেখ্য, মুফতি রুহুল আমিন ২০২২ সালের ৩১ মার্চ থেকে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিবের দায়িত্ব পালন করেন। ২০১৮ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দিয়ে আলোচনায় আসেন তিনি। এ ছাড়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন মুফতি রুহুল আমিন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.