জায়ানের মরদেহ আগামীকাল মঙ্গলবার দেশে আনা হতে পারে, সাংবাদিকদের জানালেন শিল্পমন্ত্রী নুরল মজিদ হুমায়ূন

শ্রীলংকায় ভয়াবহ সিরিজ বোমা হামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরী (৮) মারা গেছে বলে নিশ্চিত করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন। তার লাশ আগামীকাল মঙ্গলবার দেশে আনা হতে পারে বলে জানিয়েছেন তিনি।

আজ সোমবার বেলা সাড়ে ১১টায় শেখ সেলিমের বনানী বাসা থেকে বের হয়ে এসে সাংবাদিকদের এসব কথা বলেন শিল্পমন্ত্রী।

তিনি জানান, একই ঘটনায় শেখ সেলিমের জামাতা মশিউল হক চৌধুরী আহত হয়েছেন, যিনি কলম্বোতে একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রসঙ্গত শ্রীলংকায় রোববারের ভয়াবহ সিরিজ বোমা হামলায় অন্তত ২৯০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫০০ জনের বেশি মানুষ। বোমা হামলার ঘটনায় এ পর্যন্ত ২৪ জনকে আটক করা হয়েছে। তবে কারা হামলা চালিয়েছে তা এখনও চিহ্নিত করতে পারেনি দেশটির সরকার।

সকালে দ্বীপরাষ্ট্রটির রাজধানী কলম্বো এবং শহরতলির তিনটি গির্জা ও দেশের বড় তিনটি হোটেলে এ হামলা হয়। পরে আরও দুটি স্থানে হামলা হয়। গতকাল ছিল খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম বড় উৎসব ইস্টার সানডে। হামলার সময় তিন গির্জায় ইস্টার সানডের প্রার্থনা চলছিল।

নিহতদের মধ্যে রয়েছে আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিমের ৮ বছর বয়সী নাতি জায়ান চৌধুরী। আহত শেখ সেলিমের জামাতা মশিউল হক চৌধুরী প্রিন্স কলম্বোর একটি হাসপাতালে চিকিৎসাধীন।

কলম্বোর একটি পাঁচতারকা হোটেলে দুই ছেলে ও স্বামীকে নিয়ে ছিলেন শেখ সেলিম এমপির মেয়ে শেখ আমেনা সুলতানা সোনিয়া। সেখানেই এই নৃশংস ঘটনা ঘটে।

শুদ্ধস্বর/এস কে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.