এক মাসের মধ্যেই কেমিক্যাল গোডাউন অপসারণ : সাঈদ খোকন

পুরান ঢাকার আবাসিক এলাকা হতে আগামী এক মাসের মধ্যেই কেমিক্যাল গোডাউন অপসারণের ঘোষণা দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন।

আজ সোমবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবনের সেমিনার কক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে পুরান ঢাকা আবাসিক এলাকা হতে কেমিক্যাল গোডাউন অপসারনকল্পে বিশেষ জরুরি সভা শেষে তিনি এ ঘোষণা দেন।

আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে কেমিক্যাল গোডাউন অপসারণের কাজ শুরু হবে জানিয়ে মেয়র বলেন, এ জন্য দুই স্তরের ট্রার্স ফোর্স গঠন করা হবে। ১ম স্তরে থাকবে সেবা সংস্থাগুলোর প্রধান সহ অন্যান্য উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। তারা এ কার্যক্রম বিষয়ক পরিকল্পনা, নির্দেশনা এবং বাস্তবায়নের কাজ করবেন। আর ট্রার্স ফোর্সের ২য় স্তরের সদস্যরা অন গ্রাউন্ডে থেকে কাজ করবেন।

সংস্থাগুলোর প্রধানদের উদ্দেশ্যে সাঈদ খোকন বলেন, অভিযানের সময়ে যেসব বাসা, ব্যবসায়িক প্রতিষ্ঠানে ক্ষতিকর কেমিক্যাল জাতীয় দ্রব্য পাওয়া যাবে আপনারা সঙ্গে সঙ্গে সেসবের বিদ্যুৎ, গ্যাস, পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেবেন। আমরা ১৫ টি ওয়ার্ড ঝূঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছি। ২/৩ টি ওয়ার্ডে একসঙ্গে কাজ করবে অভিযান পরিচালনাকারীরা।

আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে ১ এপ্রিলের মধ্যে আমরা পুরান ঢাকা থেকে সমস্ত কেমিক্যাল বা ক্ষতিকর দ্রব্যের কারখানা অপসারণ করবো বলেও জানান তিনি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.