নবজাতকের কোষ্ঠকাঠিন্য

FB_IMG_1543468073139  ডাঃ অর্জুন দেঃ

একটি নবজাতক শিশু দিনে কত বার প্রস্রাব করবে সেটি মোটামুটি ধারণা করা যায়। তবে কয় বার মলত্যাগ করবে এটা বলা মুশকিল। জন্মের পর সাধারণত ২৪ ঘন্টার মধ্যে প্রথম মল ত্যাগ করে। অল্প কিছু শিশু ৪৮ ঘন্টা পর্যন্ত সময় নিতে পারে। জন্মের পর সপ্তাহ খানেক গাঢ় সবুজ রঙের যে মল নির্গত হয় সেটিকে মেডিকেল এর পরিভাষায় বলে (Meconium) মিকোনিয়াম। প্রথম সপ্তাহের শেষের দিকে গাঢ় সবুজ থেকে রং হালকা হয়ে হলুদাভ, এর পর দশ বার দিনের মাথায় স্বাভাবিক হলুদ বর্ণ ধারণ করে।
একটি সুস্থ স্বাভাবিক নবজাতক দিনে আট/দশ বার যেমন মলত্যাগ করতে পারে তেমনি দুই তিন দিন পর পরও করতে পারে। দুটোই স্বাভাবিক এর মধ্যে পড়ে। এসময় মল হলুদ নরম কিছুটা পেস্ট এর মত হয়। কোন কোন শিশু যত বার বুকের দুধ খায় ততবারই একটু একটু করে তরল হলুদ রঙের মলত্যাগ করে, এতে দুশ্চিন্তার কিছু নেই।
শরীরের ওজন যদি স্বাভাবিক নিয়মে বাড়তে থাকে, অতিরিক্ত কান্না কাটি না করে, অস্বাভাবিক বমি না হয় তাহলে মলত্যাগ না করে কিছু শিশু পাঁচ/ছয় দিনও অবলীলায় কাটিয়ে দিতে পারে।
তবে কোন শিশু যদি জন্মের পর প্রথম মল ত্যাগ করতে দুই দিনেরও বেশি সময় নেয়, মল যদি অস্বাভাবিক শক্ত বা গুটি গুটি হয় অথবা শক্ত মল সরু ফিতার মত লম্বা হয়ে বের হয়ে আসে তাহলে শিশু বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষা করিয়ে নেয়া উচিত।
কিছু মাত্রার কোষ্ঠকাঠিন্য শিশুর ক্ষেত্রে যেমন স্বাভাবিক তেমনি ভাবে জন্মগত থাইরয়েড ত্রুটি, মলদ্বার এর জন্ম ত্রুটি (Hirschsprung’s disease, Anorectal malformation etc) সহ নানা জটিল রোগের লক্ষণও হতে পারে।
সময় মত রোগ নির্ণয় ও চিকিৎসা নিয়ে সম্পূর্ণ ভালো থাকা যেমন সম্ভব, ব্যত্যয় ঘটলে জীবন হয়ে উঠতে পারে দুর্বিষহ, সমস্যা সঙ্কুল।
সচেতন হোন, শিশুকে সুস্থ রাখুন, ভালো থাকুন।

ডাঃ অর্জুন দে ঃ চিকিৎসক এবং লেখক ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.