এই তো মুখোমুখি দাঁড়ালাম সাথে নিস্তব্ধতার ময়ুরী
স্পর্শ কর সুরভী কালের ঘ্রাণ
তিলতিল করে জমানো ঋদ্ধতার আলো
রাত্রির রূপস্রী সরিয়ে দিনের আবিলতা
অলিন্দে অলিন্দে ব’য়ে যাচ্ছে নিরিবিলি স্নিগ্ধতায়…
আমাকে ধারণ করো, আবদ্ধ করো না
আমাকে আলোকিত করো আড়াল করো না
আলোড়িত করো, আবিষ্ট করো আপ্লুত করো না
উন্মুক্ত জানালা, নির্মেঘ আকাশ
প্রশস্ত পথ আর রথের গতির নিমিত্তে
এই বাড়ালাম হাত
ঝর্ণার নিক্কন আঙুলের
আকর্ষিতে,চোখে দিগন্তের তটরেখা
আসমুদ্র হিমাচল দেখা পিপাসার্ত
মনমুকুরে রাখো চোখ
খুলে নাও বেড়ী নক্ষত্রলোক ভ্রমণে…
স্পর্শ কর সাহস ও ইচ্ছা
যোজন যোজন পথের ক্লান্তি
প্রাকৃত জনের সুর
পেরিয়ে আসা বাঁক ও আগামীর সিঁড়ি
স্পর্শ কর প্রজাপতি ডানা রঙ ও রঙের বিহঙ্গ…

খাতুনে জান্নাত

