মাত্র ১৭ বছর বয়সেই বাউল গানের আসর মাতাতেন পেহেলী ভৈরবী। মাজারে মাজারে আর উরসের অনুষ্ঠানে গান গেয়ে বেড়ানো এই তরুণ শিল্পীর জীবনের শেষ রাতটিও কেটেছিল ঠিক তেমনই এক আসরে গান শুনিয়ে মানুষকে আনন্দ দেওয়ার মধ্য দিয়ে। কিন্তু সেই আসর থেকে ফেরার পথটুকুই হয়ে উঠল তার জীবনের শেষ যাত্রা।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা এলাকার বৈরাগী বাজারে হযরত ছাবাল শাহ্ (রহ.)-এর মাজারের অনুষ্ঠানে গান পরিবেশন করে শুক্রবার (৭ আগস্ট) সকালে বাড়ি ফেরার পথে ওসমানীনগরে এক মর্মান্তিক বাস দুর্ঘটনায় প্রাণ হারান এই বাউলশিল্পী।
দুর্ঘটনার কয়েক ঘণ্টা আগে, বৃহস্পতিবার (৬ আগস্ট) নিজের ফেসবুকে সর্বশেষ স্ট্যাটাসে পেহেলী ভৈরবী লিখেছিলেন, “আসসালামু ওয়ালাইকুম…! সবাই কেমন আছেন আজকে ০৬/০৮/২০২৬ ইং প্রোগ্রাম এ যাবো বিশ্বনাথ নদার রামপাশা, বৈরাগি বাজার। হযরত ছাবাল শাহ্ মাজারে। আশে পাশে যারা আছেন আজকে দাওয়াত রইলো, ধন্যবাদ।”

