চার্জ দেওয়ার আগে ফোন এয়ারপ্লেন মোডে রাখেন ? সত্যিই কি দ্রুত চার্জ হয় ? কী বলছেন বিশেষজ্ঞরা?

ফোন দ্রুত চার্জ করার জন্য অনেকেই চার্জে বসানোর আগে এয়ারপ্লেন মোড অন করে দেন। দীর্ঘদিন ধরেই এই অভ্যাসকে কেউ কার্যকর বলে মনে করেন, আবার কেউ একে নিছক গুজব বলে উড়িয়ে দেন। কিন্তু সাম্প্রতিক গবেষণা ও একাধিক পরীক্ষার ফল বলছে, এয়ারপ্লেন মোডে ফোন চার্জ করলে সত্যিই কিছুটা দ্রুত চার্জ হতে পারে। শুধু তাই নয়, এতে দীর্ঘমেয়াদে ব্যাটারির স্বাস্থ্যও ভালো থাকতে পারে।

এয়ারপ্লেন মোড চালু করলে মোবাইল নেটওয়ার্ক, ওয়াই-ফাই, ব্লুটুথ এবং জিপিএস কাজ করা বন্ধ করে দেয়। তবে ফোন পুরোপুরি বন্ধ হয় না। অ্যালার্ম, অফলাইনে থাকা অ্যাপ বা অন্যান্য প্রয়োজনীয় ফিচার তখনও ব্যবহার করা যায়। মূলত ফোনটি কম কার্যকলাপের অবস্থায় চলে যায়।

 

বিশেষজ্ঞদের মতে, ফোন যখন নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত থাকে, তখন তা ক্রমাগত সিগন্যাল খোঁজে, ব্যাকগ্রাউন্ডে অ্যাপ আপডেট করে এবং বিভিন্ন ডেটা আদানপ্রদান চালিয়ে যায়। এই সমস্ত কাজের জন্য বিদ্যুৎ খরচ হয়। ফলে চার্জারের শক্তির একটি অংশ ব্যাটারিতে যাওয়ার বদলে ফোনের অন্যান্য কাজ চালাতেই ব্যয় হয়।

 কিন্তু এয়ারপ্লেন মোড চালু করলে সেই অতিরিক্ত বিদ্যুৎ খরচ কমে যায় এবং বেশি শক্তি সরাসরি ব্যাটারি চার্জ করতে ব্যবহার করা সম্ভব হয়। একাধিক পরীক্ষায় দেখা গেছে, এয়ারপ্লেন মোডে ফোন চার্জ করলে পূর্ণ চার্জ হতে প্রায় ৪ থেকে ১১ মিনিট পর্যন্ত সময় বাঁচতে পারে।

শুধু দ্রুত চার্জ হওয়াই নয়, ব্যাটারির দীর্ঘমেয়াদি স্বাস্থ্যের ক্ষেত্রেও এয়ারপ্লেন মোড উপকারী হতে পারে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, অতিরিক্ত তাপ লিথিয়াম-আয়ন ব্যাটারির অন্যতম বড় শত্রু। চার্জ দেওয়ার সময় যদি ফোনে একসঙ্গে ইন্টারনেট, জিপিএস বা অন্য ব্যাকগ্রাউন্ড কার্যকলাপ চলতে থাকে, তাহলে ফোন বেশি গরম হতে পারে। আর বারবার বেশি তাপমাত্রায় চার্জ হলে ব্যাটারির ধারণক্ষমতা ধীরে ধীরে কমে যায়। তুলনায় এয়ারপ্লেন মোডে ফোন অপেক্ষাকৃত ঠান্ডা থাকে, যা ব্যাটারির আয়ু বাড়াতে সাহায্য করতে পারে।

অনেকেই সবসময় জিপিএস চালু রাখেন। কিন্তু গবেষকদের মতে, জিপিএস এবং ওয়াই-ফাই একসঙ্গে ফোনের ব্যাটারির উপর উল্লেখযোগ্য চাপ তৈরি করে। এয়ারপ্লেন মোড চালু করলে এই ফিচারগুলিও বন্ধ হয়ে যায়, ফলে চার্জের সময় শক্তির অপচয় কম হয়।
তবে সবসময় এয়ারপ্লেন মোডে চার্জ দেওয়া বাস্তবসম্মত নাও হতে পারে। কারণ এই সময় ফোনে কল, মেসেজ বা ইন্টারনেট ব্যবহার করা যায় না। তাই রাতে ঘুমানোর সময়, দুপুরে বিশ্রামের সময় বা যখন জরুরি ফোন আসার সম্ভাবনা কম থাকে, তখন এয়ারপ্লেন মোডে চার্জ দেওয়া সবচেয়ে বেশি সুবিধাজনক হতে পারে।

এয়ারপ্লেন মোডে চার্জ করলে ফোন মুহূর্তের মধ্যে দ্বিগুণ গতিতে চার্জ হবে, এমনটা নয়। তবে কিছুটা সময় বাঁচানো, কম তাপ উৎপন্ন হওয়া এবং দীর্ঘমেয়াদে ব্যাটারির স্বাস্থ্য ভাল রাখার ক্ষেত্রে এই সহজ কৌশলটি কার্যকর হতে পারে।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from শুদ্ধস্বর ডটকম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading