সংখ্যালঘুদের জন্য পৃথক নির্বাচন ও সংরক্ষিত আসন পুনর্বহাল চায় হিন্দু মহাজোট

ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য জাতীয় সংসদসহ সব ক্ষেত্রে সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন ব্যবস্থা পুনর্বহালের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।

 

শুক্রবার (১৯ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এ দাবি জানান।

তারা বলেন, সংখ্যালঘু সমস্যার স্থায়ী সমাধান, প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করা, সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদার এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি সমুন্নত রাখতে পৃথক নির্বাচন ও সংরক্ষিত আসন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা প্রয়োজন।

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক। এ সময় সংগঠনের সভাপতি অ্যাডভোকেট দীনবন্ধু রায়, নির্বাহী সভাপতি অ্যাডভোকেট প্রদীপ কুমার পাল, প্রধান সমন্বয়কারী বিজয় কৃষ্ণ ভট্টাচার্যসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

 

লিখিত বক্তব্যে দাবি করা হয়, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দেশে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা বেড়েছে। গত মার্চ থেকে এখন পর্যন্ত ৮১ জন খুন ও রহস্যজনক মৃত্যুর শিকার হয়েছেন। খুনের উদ্দেশ্যে আহত করা হয়েছে ২২৭ জনকে এবং ১ হাজার ৫৩৭টি পরিবারকে দেশত্যাগের হুমকি দেওয়া হয়েছে। এছাড়া, ধর্ষণ, ধর্মান্তর, জমি দখল এবং মন্দির ও প্রতিমা ভাঙচুরের ঘটনাও ঘটছে বলে অভিযোগ করা হয়।

সংগঠনটির নেতারা বলেন, সম্প্রতি গাইবান্ধার পলাশবাড়ীতে ভগবান শ্রী রামচন্দ্রের মূর্তি নির্মাণকে কেন্দ্র করে মিথ্যা প্রচারণা চালিয়ে ধর্মীয় বিদ্বেষ ছড়ানো হয়েছে। ভগবান রামচন্দ্রের প্রতিকৃতি নিয়ে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা।

 

সংবাদ সম্মেলনে বলা হয়, স্বাধীনতার আগে ও পরে বিভিন্ন সময়ে হিন্দু সম্প্রদায় রাজনৈতিক ও সামাজিকভাবে বঞ্চনার শিকার হয়েছে। সংবিধানে সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত আসন ও অর্থনৈতিক স্বার্থ রক্ষার প্রস্তাব বাতিলের প্রসঙ্গও তুলে ধরা হয়। পাশাপাশি বিভিন্ন সময়ে সংঘটিত সাম্প্রদায়িক সহিংসতার ঘটনাগুলোর বিচার না হওয়ার অভিযোগও করেন নেতারা।

 

লিখিত বক্তব্যে বলা হয়, যৌথ নির্বাচন ব্যবস্থার কারণে সংখ্যালঘু সম্প্রদায় তাদের জনসংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত হচ্ছে। সরকারি হিসাবে সংখ্যালঘুদের সংখ্যা ১২ শতাংশ হলেও জাতীয় সংসদে তাদের প্রতিনিধিত্ব সে অনুযায়ী নিশ্চিত হয়নি বলে দাবি করা হয়।

সংগঠনটি চলমান সংসদ অধিবেশনেই জাতীয় সংসদসহ সব ক্ষেত্রে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে বিল উত্থাপনের দাবি জানান। অন্যথায় দেশব্যাপী আন্দোলনের কর্মসূচি দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.