প্রবাসীদের জন্য আধুনিক আবাসন প্রকল্প, ২ মাসের মধ্যে মিলবে ‘প্রবাসী কার্ড’

প্রবাসীদের জন্য বিশেষ সুযোগ-সুবিধাসংবলিত ‘প্রবাসী কার্ড’ দুই মাসের মধ্যে চালু করা হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই সঙ্গে প্রবাসীদের জন্য আধুনিক অ্যাপার্টমেন্টভিত্তিক আবাসন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।

আজ শনিবার (১৬ মে) সিলেটের গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে অনুষ্ঠিত ‘গ্লোবালাইজিং সিলেট’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘প্রবাসীদের কল্যাণ নিশ্চিত করতে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে আগামী দুই মাসের মধ্যে বিশেষ সুবিধাসম্পন্ন প্রবাসী কার্ড প্রদান করা হবে।’ তিনি বলেন, প্রবাসীদের রেমিট্যান্স ও বিনিয়োগ দেশের অর্থনীতিকে শক্তিশালী করছে। তাই তাদের জন্য নিরাপদ বিনিয়োগ ও আবাসনের সুযোগ তৈরি করা সরকারের অগ্রাধিকার।

মন্ত্রী জানান, দেশে জমির সংকট বাড়তে থাকায় ভবিষ্যতে প্লটভিত্তিক প্রকল্পের পরিবর্তে অ্যাপার্টমেন্টভিত্তিক আধুনিক আবাসন গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব আবাসনে উন্নত সব নাগরিক সুবিধা থাকবে এবং এগুলো শুধু প্রবাসীরাই বরাদ্দ পাবেন। সিলেট থেকে এই প্রকল্পের যাত্রা শুরু হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

মন্ত্রী আরও বলেন, প্রবাসীদের নতুন প্রজন্মকে দেশের সঙ্গে সম্পৃক্ত রাখতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রয়োজন। এতে তারা দেশে বিনিয়োগে আগ্রহী হবে এবং পারিবারিক ও সাংস্কৃতিক বন্ধন আরও শক্তিশালী হবে।

সেমিনারে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের আধুনিকায়ন নিয়েও কথা বলেন মন্ত্রী। তিনি জানান, বিমানবন্দরে প্রবাসীদের ভোগান্তি কমাতে পৃথক লাউঞ্জ নির্মাণের কাজ শুরু হয়েছে। পাশাপাশি ইমিগ্রেশন এলাকায় জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে মেডিকেল ইউনিট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। গুরুতর অসুস্থ প্রবাসীদের দ্রুত হাসপাতালে নিতে বিমানবন্দরে সার্বক্ষণিক বা স্থায়ী অ্যাম্বুলেন্স রাখার পরিকল্পনাও রয়েছে।

এ ছাড়া বিদেশে কোনো প্রবাসী মারা গেলে তাঁর মরদেহ সম্পূর্ণ বিনা খরচে দেশে এনে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা সরকার চালু করেছে বলে জানান তিনি।

অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীসহ বিভিন্ন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, প্রবাসী প্রতিনিধি ও সুশীল সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.