রাজধানীর শ্যামলীতে চলন্ত একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সামনে ঠিকানা পরিবহনের বাসটিতে আগুন লাগে।
পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত সাড়ে ৯ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি কর্মকর্তা শিহাব সরকার গণমাধ্যমকে জানান, আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এটি নাশকতা কিনা, তা আগুন পুরোপুরি নির্বাপণের পর জানা যাবে।
এদিকে শেরেবাংলা নগর থানার পরিদর্শক (অপারেশনস) মাসুদ রানা বলেন, বাসে আগুন লাগার ঘটনায় পুলিশ তদন্ত করছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে।

