যশোর রোড : মৌসুমী ভৌমিকের কণ্ঠে মুক্তিযুদ্ধের এক অমর আখ্যান

’ঘর ভেঙ্গে গেছে যুদ্ধের ঝড়ে
যশোর রোডের দু’ধারের মানুষ
এত এত লোক, শুধু কেন মরে।’
— যশোর রোড

আমাদের ’৭১-এর মুক্তিযুদ্ধ এবং এর ইতিহাস আমাদের সর্বশ্রেষ্ঠ সম্পদ। ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলন যার উৎস এবং ভিত্তি, তাকে বিকৃত করা বা অপব্যাখ্যা দেবার কোনোই অপপ্রয়াস কখনো সফল হবে না। কারণ যতদিন পদ্মা-যমুনা-বঙ্গোপসাগর বহমান থাকবে, পৃথিবীতে বাংলাদেশীদের অস্তিত্ব থাকবে, রক্তের অক্ষরে এই ইতিহাস আবহমান কাল জুড়ে কালের কপোল তলে জ্বলজ্বল করে জ্বলবে। তার একটি কারণ—এই অদ্বিতীয় মুক্তিযুদ্ধ নিয়ে লেখা কিছু অমর সংগীত। তাদের মধ্যে একটি ’যশোর রোড’। অসাধারণ ও অতুলনীয় কণ্ঠে গেয়েছেন মৌসুমী ভৌমিক। যা বারবার শুনলেও তৃপ্তি আসে না। এই গানটিতে আমাদের রক্তাক্ত স্বাধীনতা যুদ্ধের একটি অকল্পনীয় কিন্তু চিরায়ত আখ্যান তুলে ধরা হয়েছে, যা কিংবদন্তিরও ঊর্ধ্বে।

গত ১৭ই অক্টোবর, ২০২৬ ফ্রাংকফুর্টের একটি মিলনায়তনে (হাউজ গালুস) প্রখ্যাত সংগীতশিল্পী মৌসুমী ভৌমিকের একক সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা প্রিয় বন্ধু অপু আলমের নিমন্ত্রণে আমি প্রায় ছয় বছর পরে ফ্রাংকফুর্ট শহরে গিয়েছিলাম। বয়সের ভারে শরীর নড়বড়ে। একাকী ও নিজস্ব শক্তিতে হাঁটাচলা এখন প্রায় অসম্ভব। বাইরে সব সময় ওয়াকার নিয়ে হাঁটতে হয়। নতুন পরিচিত বন্ধুবৎসল প্রিয়জন বাবু সর্দারের গাড়িতে এবং তার সহায়তায় বিকেল সাড়ে চারটার দিকে মিলনায়তনে পৌঁছলাম।

বিকেল পাঁচটায় শুরু হবার কথা, কিন্তু হলে পৌঁছার পর দেখলাম তখনও টেবিল-চেয়ার সরিয়ে সংগঠকরা হল সাজাতে ব্যস্ত। শিল্পীর একক সন্ধ্যা, তাই শিল্পী একাকী একটি চেয়ারে বসে আছেন। খুবই ছিমছাম, সাধারণ বেশভূষা। কিছুটা সাধিকা টাইপ। কাঁচা-পাকা কেশ। মুখে সব সময় স্মিত হাসি। কিন্তু বোঝা গেল তিনি সম্পূর্ণ সুস্থ নন। মাঝে মাঝে নাসিকায় ড্রপ নিচ্ছেন। সর্দিতে ভুগছেন। মনে শঙ্কা হলো, এমন অবস্থায় গান গাইতে পারবেন তো? এত কষ্ট করে ২৫ কিলোমিটার দূর থেকে এলাম। পাছে না, গান না শুনেই বিদায় নিতে হয়!

আয়োজকদের টেবিল-চেয়ার নড়াচড়া একসময় বন্ধ হলো। কোনো স্টেজ নেই। ঢাকা থেকে আসা বিরাট বাংলায় লেখা ব্যানারটি শিল্পী যেখানে চেয়ারে বসে গান গাইবেন, তার পেছনে টানিয়ে দেওয়া হলো। তানপুরা বা সেতারের প্যাঁপোঁ নেই। তবলার ঠক ঠক আওয়াজ নেই। শুধু মাইক্রোফোন এবং শিল্পী এক হাতে মাইক ধরে গাইবেন। আরেক হাতে গানের খাতা। সঙ্গে শুধুমাত্র একজন গিটারবাদক। বার্লিন থেকে এসেছেন। দুঃখিত, তাঁর নামটি ভুলে গেছি। তবে গোটা অনুষ্ঠানে চমৎকার সঙ্গত করলেন।

ছোট্ট হলঘরটি শীঘ্রই ভরে গেল। একের পর এক গেয়ে চললেন শিল্পী। সারা হলঘর মন্ত্রমুগ্ধ। তবে মাঝে মাঝে কেউ কেউ কথা বলছিলেন। গান থামিয়ে মৌসুমী তাঁদের নিবৃত্ত হতে অনুরোধ করলেন। বললেন, গান শোনার থেকে যদি তাঁদের কথাবার্তা বলাই ভালো লাগে, তাহলে তাঁরা যেন বাইরে গিয়ে কথা বলেন। অদ্ভুত ও আপসহীন ব্যক্তিত্ব। মুখে হাসি বজায় রেখে যে কঠিন ভর্ৎসনাও করা যায়, তা এর আগে কখনও দেখিনি।

গানের ফাঁকে ফাঁকে সাবলীল ও সহজ-সরল ভাষায় গানের পেছনের কথা, প্রেক্ষাপট ও সংশ্লিষ্ট ঘটনা-আবহ বর্ণনা করছিলেন। এতে করে শুধু গান শোনাই নয়, শ্রোতারা গানের ইতিহাসও জেনে গেলেন। আমি প্রথম সারিতে বসেছিলাম। এত কাছে থেকে আমার এত প্রিয় একজন সংগীতশিল্পীর গান যে কোনোদিন শুনতে পাবো, তা কখনও ভাবিনি। জীবনের শেষ প্রান্তে এসে, যখন মৃত্যু প্রতিনিয়ত উঁকি দিচ্ছে, সেই সময়ে বন্ধুবর অপুর কল্যাণে এমন একটি বিরল সন্ধ্যায় উপস্থিত হতে পেরেছিলাম, ভেবে আজও শিহরিত হই। এই সুমধুর স্মৃতি কোনোদিন ভুলব না।

এল সেই মাহেন্দ্রক্ষণ। যশোর রোড। আমি অন্তত একশতবার এই গানটি সিডি/ইউটিউবে শুনেছি। এখনও অতৃপ্ত আমি। আমি মুক্তিযুদ্ধে সক্রিয় অংশ নেইনি। মুক্তিযুদ্ধের সময়ে গ্রামে গ্রামে পালিয়ে থেকেছি। তবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের নিয়মিত খবর, গান শুনতাম। আমার মনে নেই ’যশোর রোড’ তখন শুনছিলাম কিনা। মনে হয় গানটি বাংলাদেশ স্বাধীন হবার পর লিখিত এবং গীত। গানটি কে লিখেছেন, তাও এখন আর মনে নেই। ভুল হয়ে গেছে। মৌসুমী ভৌমিককে জিজ্ঞেস করতে পারতাম। উনি বলেছেন, আবার দেখা হবে। এটা ঠিক, উনি নিয়মিত ইউরোপে আসেন। হয়তো আবার জার্মানিতে আসবেন। তখন আবার তাঁর কণ্ঠে ’যশোর রোড’ শুনব। তবে ততদিন বাঁচবো কি? বয়স ৮১ পুরো হয়ে গেছে। মৃত্যু দ্বারপ্রান্তে। তবে এখনও কড়া নাড়েনি। কতটা সময় আমার আছে?

স্তব্ধ এবং নিস্পন্দ হয়ে শিল্পীর কণ্ঠে গানটি শুনেছি। রেশ এখনও কানে বাজে। গানটি শোনার সময় ভেসে আসে হাজার হাজার শহীদ মুক্তিযোদ্ধা, নিরীহ নারী-পুরুষ, অগণিত ধর্ষিতা মা-বোনের আবছা সব অবয়ব। শহীদ মুক্তিযোদ্ধাদের উপরে আরেক অমর সংগীত, নজরুল ইসলাম বাবুর ’সব কটা জানালা খুলে দাও, ওরা আসবে’ স্মৃতির শ্রবণে হানা দেয়! অনেক কষ্টে অশ্রু রোধ করেছি। হলভর্তি লোক, এর মধ্যে কান্নাকাটি বিব্রতকর।

অনুষ্ঠানের উদ্যোক্তা অপু আলম ও হাবিব বাবুলকে অন্তরের অন্তস্থল থেকে কৃতজ্ঞতা ও অশেষ ধন্যবাদ। এরকম একটি চিরস্মরণীয় অনুষ্ঠানে আমার যোগদানের সুযোগ করে দেওয়ার জন্য।

হাবিব বাবুলকে আমি বহু বছর আগে থেকেই চিনতাম। জার্মানিতে ১৯৭৮ সালে আসার পর আমি দক্ষিণ জার্মানি স্টুটগার্ট এলাকায় ছিলাম ২০০৬ সাল নাগাদ। সেখানে গত শতকের আশির দশকে তাঁর সাথে আমার পরিচয়। কিন্তু দুর্ভাগ্যবশত এই সম্পর্ক গত ২৫-৩০ বছর ঢাকা পড়ে ছিল। দীর্ঘ বিরতির পর এই মরমী অনুষ্ঠানে তাঁর সাথে আমার পুনরায় দেখা হয়েছে। তাঁর প্রতিষ্ঠিত ও সম্পাদিত ওয়েবসাইট ম্যাগাজিন ’শুদ্ধস্বরে’ লেখার আমন্ত্রণও জানালেন। পত্রিকার নামের মতই সে একজন শুদ্ধ ও মানবিক ব্যক্তিত্ব। তাঁর সুদর্শনা ও অমায়িক স্ত্রীর সাথেও আমার পরিচয় হলো।

ডঃ এ এইচ এম আবদুল হাই। এই সন্ধ্যার আরেকটি নতুন পরিচয়। কলোনে থাকেন। দীর্ঘদিন ধরে ইউরোপ প্রবাসী। জার্মানির সবচেয়ে পুরোনো রাজনৈতিক দল, এসপিডির সক্রিয় সদস্য। ’Die Grenze’ তথা ’সীমান্ত’ নামক একটি সুন্দর দ্বিভাষিক পত্রিকার প্রতিষ্ঠাতা-সম্পাদক। পত্রিকার একটি কপি তিনি আমাকে দিলেন। খুবই মিতভাষী, সরল ও বন্ধুবৎসল। এই অনুষ্ঠানটি নিয়ে তাঁর একটি লেখা পড়ে আমি খুবই মুগ্ধ হয়েছি। দীর্ঘদেহী (মাথা উঁচু করে দেখতে হয়) তাঁর ভাগ্নের সাথেও দেখা হলো। দুঃখিত, নামটি ভুলে গেছি। সে এখানে বিশ্ববিদ্যালয়ের পড়াশুনা শেষ করেছে। একটি শিক্ষিত-উদার পরিবার।

আরেকজন পুরোনো প্রিয়জনের সাথেও দেখা হলো। মিঠু। পুরো নামটি ভুলে গেছি। সস্ত্রীক উপস্থিত হয়ে তাঁরা দুজন অনুষ্ঠানের অক্লান্ত আয়োজক। আমার প্রিয় নাতী শিশিরার্দ্র মামুনের সঙ্গে সে ’দেশ সাংস্কৃতিক গোষ্ঠীর’ সক্রিয় সংগঠক। এক সময়ে দীর্ঘদিন ধরে ত্রৈমাসিক ’দেশ পত্রিকার’ প্রকাশক। সেখানে আমি নিয়মিত লিখতাম। পত্রিকাটি এখন বন্ধ। তবে তাঁদের পরিচালনায় ’রবিবারের স্কুল’ যেখানে স্থানীয় প্রবাসী বাঙালীদের ছেলেমেয়েরা বাংলা শেখে, সেটা এখনও বিদ্যমান। আজকের অনুষ্ঠানের সুস্বাদু খাবারের আয়োজনও তাঁরা করেছে। খুবই মুখরোচক মোগলাই খাদ্য।

এবং সর্বশেষে মৌসুমী ভৌমিকের সুপারহিট অত্যন্ত জনপ্রিয় সংগীত, ’আমি শুনেছি সেদিন’ গানটি শ্রোতাদের এতটাই মোহিত করেছিল যে তাঁরা সবাই শিল্পীর সাথে কণ্ঠ মিলিয়ে অনুষ্ঠানটি বর্ণাঢ্য ও সর্বাঙ্গসুন্দর করে তুলেছিলেন। মধুরেন সমাপয়েৎ!

মৌসুমী ভৌমিকের লিটল বুক, ’’শব্দ নৈঃশব্দের আখ্যান’’ তথা ’বাদল সরকার স্মারক বক্তৃতা (২)’ বইটি আমি অনুষ্ঠানে সংগ্রহ করে তাতে শিল্পীর স্বাক্ষর নিয়েছিলাম। আমার অনুরোধে তিনি ’যশোর রোড’ গানের অমর তিনটি লাইন সেখানে স্বহস্তে লিখে দিয়েছিলেন।

”ভেঙেছ দুয়ার, এসেছ জ্যোতির্ময়, তোমারি হউক জয়।
তিমিরবিদার উদার অভ্যুদয়, তোমারি হউক জয় ॥”
— রবীন্দ্রনাথ ঠাকুর

লেখক: আব্দুল্লাহ আল হারুন
জার্মান প্রবাসী লেখক ও কথাসাহিত্যিক

নয়ে-ইজেনবুর্গ, জার্মানি
১০ই নভেম্বর, ২০২৬

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.