গাজায় গণহত্যার পাশাপাশি চলছে পরিবেশহত্যাও’, বিস্ফোরক মন্তব্য তুরস্কের এরদোগানের

তুরস্কের আন্টালিয়ায় রাষ্ট্রপুঞ্জের জলবায়ু সম্মেলন ‘কপ৩১’-এ বক্তব্য রাখলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। সেখানে গাজা যুদ্ধের ভয়াবহ পরিবেশগত ক্ষতির কথা তুলে ধরলেন তিনি। একই সঙ্গে গাজায় আরও বেশি করে ত্রাণ পৌঁছনোর ব্যবস্থা করতে ইজরায়েলের কাছে আবেদনও জানিয়েছেন তিনি।

সম্মেলনে এরদোগান বলেন, “গাজায় যা ঘটছে তা শুধু মানুষ খুন নয়, পরিবেশেরও মৃত্যু। শতাব্দীপ্রাচীন জলপাই গাছ কেটে ফেলা হয়েছে, জল ও মাটি বিষিয়ে গিয়েছে। শহরগুলি একপ্রকার ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।”

 

এরদোগানের এই মন্তব্যকে ‘মিথ্যা প্রচার’ বলে পাল্টা আক্রমণ করেছে ইজরায়েল। তাদের দাবি, গাজায় শান্তি ও পুনর্গঠন চাইলে আগে হামাসকে অস্ত্র ছাড়তে হবে। ২০২৩ সালের অক্টোবর থেকে চলা এই যুদ্ধে গাজায় ইতিমধ্যেই ৭৪ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

সম্প্রতি ভারী বৃষ্টি ও বন্যায় গাজার হাজার হাজার অস্থায়ী তাঁবু জলের তলায় চলে গিয়েছে। এর ফলস্বরূপ সাধারণ মানুষের দুর্দশা আরও বেড়েছে। রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট বলছে, যুদ্ধের কারণে গাজার প্রায় সব গাছপালা ও চাষের জমি নষ্ট হয়ে গিয়েছে।

সাফাই ব্যবস্থা ও পরিশোধিত পানীয় জলের জোগান ভেঙে পড়েছে। এর জেরে ভয়াবহ স্বাস্থ্যসঙ্কট ও খাদ্যের অভাব দেখা দিয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, যুদ্ধ থামলেও গাজার পরিবেশের এই ক্ষতি সারতে বহু বছর লেগে যাবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.