বাংলাদেশে সংঘটিত অপরাধের জবাবদিহি চায় জাতিসংঘ

বাংলাদেশে সংঘটিত সব অপরাধের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছে জাতিসংঘ। বিশেষ করে ২০২৪ সালের জুলাই-আগস্টে বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়ন নিয়ে সংস্থাটির ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনের প্রতিবেদনে যেসব অপরাধের তথ্য উঠে এসেছে, সেগুলোরও বিচার চায় জাতিসংঘ। তবে অতীতের অপরাধের বিচার এবং রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের অধিকারকে আলাদা করে দেখছে সংস্থাটি। জাতিসংঘের মতে, সব রাজনৈতিক দল ও রাজনৈতিক ব্যক্তিত্বের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার স্বাধীনতা থাকা উচিত।

মঙ্গলবার (১০ নভেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে নিয়মিত মধ্যাহ্ন ব্রিফিংয়ে মহাসচিব আন্তোনিও গুতেরেসের উপমুখপাত্র ফারহান হক এসব কথা বলেন। ব্রিফিংয়ে অংশ নেওয়া বাংলাদেশি সাংবাদিক আবু সুফিয়ানের এক প্রশ্নের জবাবে তিনি সংস্থাটির অবস্থান তুলে ধরেন।

সাংবাদিক শেখ হাসিনা ও তাঁর সমর্থকদের বিষয়ে জাতিসংঘের অবস্থান জানতে চান। তিনি বলেন, শেখ হাসিনা বাংলাদেশে হাজারো মানুষ হত্যার সঙ্গে জড়িত।

এটি শুধু অভিযোগ নয়, আন্তর্জাতিক গণমাধ্যমের পাশাপাশি জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনের প্রতিবেদনেও বিষয়টি উঠে এসেছে। অন্যদিকে, তাঁর নেতা-কর্মীরা আবারও বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। এ বিষয়ে জাতিসংঘের অবস্থান কী?

জবাবে ফারহান হক বলেন, বাংলাদেশে সংঘটিত অপরাধগুলোর জবাবদিহি নিশ্চিত করতে চায় জাতিসংঘ। এর মধ্যে ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনের নথিভুক্ত অপরাধগুলোও রয়েছে।

তবে জবাবদিহির পাশাপাশি রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের অধিকারের বিষয়টিও তুলে ধরেন জাতিসংঘের এই মুখপাত্র। তিনি বলেন, রাজনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে সব রাজনৈতিক দল ও রাজনৈতিক ব্যক্তিত্বের অংশগ্রহণের স্বাধীনতা থাকা উচিত বলে মনে করে সংস্থাটি।

ফারহান হক যে ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনের কথা উল্লেখ করেছেন, সেটি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তর পরিচালনা করে। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি জেনেভায় প্রকাশিত ওই প্রতিবেদনে ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন এবং তা দমনে নিরাপত্তা বাহিনীর ভূমিকার বিস্তারিত চিত্র তুলে ধরা হয়।

প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়ে থাকতে পারেন। তাঁদের অধিকাংশই নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারান। নিহতদের মধ্যে প্রায় ১২ থেকে ১৩ শতাংশ ছিল শিশু। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে ওই দমন-পীড়নের অবসান ঘটে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.