আটকে পড়া জাহাজকে সাহায্যের প্রস্তাব দিল ইরান

হরমুজ প্রণালিতে আটকা পড়া বাণিজ্যিক জাহাজগুলোকে কারিগরি সহায়তা, রসদ সরবরাহ, চিকিৎসাসেবাসহ সব ধরনের সামুদ্রিক সেবা দিতে নিজেদের বন্দরগুলো প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে ইরান।

দেশটির সরকারি সংবাদ সংস্থা ইরনা আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছে।

ইরানের বন্দর ও সামুদ্রিক সংস্থা (পিএমও) পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থানরত বাণিজ্যিক জাহাজের ক্যাপ্টেনদের উদ্দেশে একটি জরুরি বার্তা পাঠিয়েছে।

বার্তায় বলা হয়েছে, আঞ্চলিক পানিসীমায় বিশেষ করে ইরানের পানিসীমা ও বন্দরগুলোতে অবস্থানরত সব জাহাজ প্রয়োজন অনুযায়ী জ্বালানি, খাবার, রক্ষণাবেক্ষণ সরঞ্জাম এবং স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবে।

বিবৃতিতে জানানো হয়েছে, নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং জাহাজ চলাচলের উপযোগিতা বজায় রাখতেই তেহরান এই উদ্যোগ নিয়েছে। আগামী তিন দিন ধরে প্রতিদিন তিনবার করে সামুদ্রিক যোগাযোগ নেটওয়ার্ক ও ভেরি হাই ফ্রিকোয়েন্সি (ভিএইচএফ) সিস্টেমের মাধ্যমে এই বার্তা প্রচার করা হবে।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারি থেকে ইরান, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার জেরে হরমুজ প্রণালিতে প্রায় ২ হাজার জাহাজ ও কয়েক হাজার নাবিক আটকা পড়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাহাজগুলোকে বের করে নিতে সামরিক অভিযান ‘প্রজেক্ট ফ্রিডম’ সাময়িক স্থগিত করার পর ইরান এই সহায়তার প্রস্তাব দিল।

সূত্র: আলজাজিরা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.