বাংলাকে ভাগ করার ইতিহাস কেবল প্রশাসনিক সিদ্ধান্তের ইতিহাস নয়; এটি মানুষের আত্মপরিচয়, সংস্কৃতি ও সহাবস্থানের ওপর এক রাজনৈতিক আঘাতের ইতিহাস। ১৯০৫ সালে লর্ড কার্জনের বঙ্গভঙ্গের সিদ্ধান্ত ছিল ব্রিটিশ শাসনের একটি সুপরিকল্পিত কৌশল। প্রশাসনিক সুবিধার অজুহাতে বাংলাকে দুই ভাগে বিভক্ত করা হলেও এর মূল উদ্দেশ্য ছিল বাঙালির জাতীয়তাবাদী চেতনাকে দুর্বল করা এবং হিন্দু-মুসলমানের মধ্যে বিভেদের বীজ বপন করা।
কার্জনের আঁকা মানচিত্রে পূর্ববাংলা ও পশ্চিমবাংলা আলাদা হয়ে গেলেও বাংলার নদী, ভাষা, সংস্কৃতি কিংবা মানুষের জীবনকে আলাদা করা সহজ ছিল না। পদ্মা-গঙ্গা, পাটক্ষেত-পাটকল, আউল-বাউল-সুফি ঐতিহ্য—সবকিছুই ছিল একটি অভিন্ন বাংলার পরিচয়। কিন্তু ব্রিটিশ শাসকগোষ্ঠী জানত, একটি জাতিকে দুর্বল করতে হলে তার ভেতরে বিভাজন তৈরি করতে হয়।
এই সময় ঢাকার নবাব সলিমুল্লাহ বঙ্গভঙ্গকে সমর্থন করেছিলেন। ইতিহাস বলছে, রাজনৈতিক ও অর্থনৈতিক নানা সমীকরণ এর পেছনে কাজ করেছিল। কিন্তু এই বিভাজনের প্রকৃত শিকার হয়েছিল সাধারণ মানুষ। সমাজের উচ্চবিত্ত অংশ হয়তো রাজনৈতিক সুবিধা বা ক্ষমতার হিসাব কষেছে, কিন্তু মাঝি, তাঁতি, কৃষক কিংবা শ্রমজীবী মানুষের জীবনে এর প্রভাব ছিল গভীর। রাষ্ট্রের সিদ্ধান্তের বোঝা সবসময়ই সাধারণ মানুষকে বহন করতে হয়।
ঠিক এই সংকটময় সময়ে রবীন্দ্রনাথ ঠাকুরের আবির্ভাব একটি অন্যরকম শক্তি হিসেবে সামনে আসে। তিনি বুঝেছিলেন, রাজনৈতিক শক্তির বিরুদ্ধে কেবল রাজনৈতিক ভাষা যথেষ্ট নয়; মানুষের ভেতরের সাংস্কৃতিক ঐক্যকে জাগিয়ে তুলতে হবে। তাই তিনি প্রতিবাদের পথ হিসেবে বেছে নিয়েছিলেন সংস্কৃতি, গান এবং মানবিক সংহতির প্রতীক রাখীবন্ধনকে।
রবীন্দ্রনাথের উদ্যোগে হিন্দু-মুসলমান একে অপরের হাতে রাখী বেঁধে ঐক্যের বার্তা দিয়েছিল। তাঁর লেখা “বাংলার মাটি বাংলার জল” গানটি তখন শুধু একটি সংগীত ছিল না; সেটি হয়ে উঠেছিল বাংলার আত্মার আহ্বান। তিনি বলতে চেয়েছিলেন, বাংলার মাটি, জল, বায়ু ও মানুষকে কাগজে-কলমে ভাগ করা গেলেও হৃদয়ের ভেতরে থাকা বন্ধনকে বিচ্ছিন্ন করা যায় না।
রবীন্দ্রনাথের সবচেয়ে বড় শক্তি ছিল তাঁর মানবিক দৃষ্টিভঙ্গি। তিনি কখনও সংকীর্ণ জাতীয়তাবাদে বিশ্বাস করেননি। তাঁর কাছে মানুষে মানুষে সম্পর্ক, সংস্কৃতির মিলন এবং মানবিক সহাবস্থান ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। বঙ্গভঙ্গবিরোধী আন্দোলনে তাঁর ভূমিকা তাই কেবল রাজনৈতিক ছিল না; এটি ছিল নৈতিক ও সাংস্কৃতিক প্রতিরোধের এক উজ্জ্বল উদাহরণ।
আজকের পৃথিবীতেও রবীন্দ্রনাথের সেই অবস্থান গভীরভাবে প্রাসঙ্গিক। ধর্ম, জাতি, ভাষা কিংবা ভূখণ্ডের নামে যখন বিভাজনের রাজনীতি আরও তীব্র হয়ে উঠছে, তখন রবীন্দ্রনাথ আমাদের মনে করিয়ে দেন—মানুষের ভেতরের ঐক্যকে ভাঙা এত সহজ নয়। রাষ্ট্রের সীমারেখা মানুষের আত্মপরিচয়ের চেয়ে বড় হতে পারে না।
রবীন্দ্রনাথ কেবল একজন সাহিত্যিক ছিলেন না; তিনি ছিলেন এক সাংস্কৃতিক দার্শনিক। তিনি জানতেন, শাসকের শক্তি প্রশাসনে, কিন্তু মানুষের শক্তি সংস্কৃতি ও স্মৃতিতে। সেই কারণেই তিনি অস্ত্রের বদলে গানকে বেছে নিয়েছিলেন, বিভেদের বদলে বন্ধনের কথা বলেছিলেন।
বঙ্গভঙ্গ শেষ পর্যন্ত রদ হয়েছিল। কিন্তু রবীন্দ্রনাথের ভূমিকার গুরুত্ব কেবল সেই রাজনৈতিক ফলাফলে সীমাবদ্ধ নয়। তাঁর সবচেয়ে বড় অবদান ছিল মানুষের চেতনাকে জাগিয়ে তোলা। তিনি দেখিয়েছিলেন, সংস্কৃতি কখনও কখনও রাজনীতির চেয়েও শক্তিশালী হয়ে উঠতে পারে।
রবীন্দ্রনাথের জন্মদিন তাই কেবল একজন কবি বা সাহিত্যিকের জন্মস্মরণ নয়; এটি বাঙালির সাংস্কৃতিক ঐক্য, মানবিকতা এবং অসাম্প্রদায়িক চেতনার পুনরাবিষ্কারের দিন। তিনি আমাদের শিখিয়েছেন, বিভেদের রাজনীতির বিপরীতে দাঁড়ানোর সবচেয়ে বড় শক্তি হলো মানুষের ভেতরের মানবতা।
আজ যখন আমরা তাঁর জন্মদিন স্মরণ করি, তখন মনে রাখতে হয়—রবীন্দ্রনাথ কোনো একক সময়ের মানুষ নন। তিনি আজও প্রাসঙ্গিক, কারণ তিনি মানুষকে বিভক্ত নয়, সংযুক্ত দেখতে চেয়েছিলেন। তাঁর বাংলা ছিল মিলনের বাংলা, সহাবস্থানের বাংলা, মানবতার বাংলা।
— হাবিব বাবুল
প্রধান সম্পাদক, শুদ্ধস্বর ডটকম

