জন্মদিন শুধুমাত্র বয়সের গাণিতিক বৃদ্ধি নয়—এটি সেই মানুষটিকে নতুন করে স্মরণ, মূল্যায়ন ও শ্রদ্ধা জানানোর উপলক্ষ, যিনি তাঁর জীবন, কর্ম ও সৃষ্টির মাধ্যমে অগণিত মানুষের হৃদয়ে অমলিন ছাপ রেখে গেছেন। আজ সেই মানুষটির জন্মদিন—জুবিন গার্গ। একজন গায়ক হিসেবে তাঁর জনপ্রিয়তা সীমান্ত ছাড়িয়ে গেছে বহু আগেই। কিন্তু কেবল শিল্পিতেই তিনি পূর্ণ নন; তাঁর মানবিকতা, স্পষ্টভাষিতা, পরিশুদ্ধ ব্যক্তিত্ব, এবং সত্যের পক্ষে দৃঢ় অবস্থান তাঁকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। তিনি কেবল একজন সঙ্গীতশিল্পী নন—তিনি মানুষের কণ্ঠস্বর, অসহায়ের আশ্রয়, এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের দৃপ্ত প্রতীক।
জুবিনের জন্ম সুরের পরিবেশে, কিন্তু তাঁর সাফল্যের গল্প তৈরি হয়েছে অবিরাম পরিশ্রম, একাগ্রতা ও জাতিগত ঐতিহ্যের শিকড়কে মনে ধারণ করে। তিনি কখনো ক্ষমতাসীনদের সামনে নত হননি, রাজনীতির কৃত্রিম আলোয় নিজের সত্তাকে ম্লান হতে দেননি। শিল্প ও বিবেকের ডাকে সাড়া দিয়ে তিনি নিজের পথ নিজেই তৈরি করেছেন। সমাজের নানা অসঙ্গতি, বৈষম্য ও অবিচার যখন অন্যদের নীরব করে দেয়, তখন জুবিন গার্গ বুক ভরে উচ্চারণ করেছেন সত্যের গান। তিনি বিশ্বাস করতেন—গান শুধু বিনোদন নয়, এটি একটি সামাজিক দায়বদ্ধতা।
এ দেশের শিল্পীর রাজনীতিকরণ যখন প্রায় স্বাভাবিক ঘটনা হয়ে ওঠে, তখন জুবিন নিজেকে সেই দোদুল্যমান ক্ষেত্র থেকে দূরে রেখেছেন। ধর্ম, গোত্র, ভাষা কিংবা রাজনীতির নামে বিভাজন কখনো তাঁকে টানতে পারেনি। বরং তিনি সবসময় মানুষকে একসূত্রে বাঁধার চেষ্টা করেছেন সঙ্গীতের সেতুবন্ধন দিয়ে। তাঁর কণ্ঠ যেমন মানুষের মনে আনন্দের তরঙ্গ তোলে, তেমনি তাঁর দৃঢ় অবস্থান মানুষকে মনে করিয়ে দেয়—মানবিক মূল্যবোধই শিল্পীর মূল পরিচয়।
খ্যাতি, অর্থ এবং বলিউডের বিখ্যাত প্ল্যাটফর্মগুলোর সাফল্য পাওয়ার পরও জুবিন কখনো বদলে যাননি। তিনি অতি সহজ-সরল জীবনযাপন করেছেন, মানুষের সঙ্গে মাটির টানে যুক্ত থেকেছেন। তাঁর কথাবার্তা, আচরণ, আত্মমর্যাদা—সবকিছুতেই ছিল প্রান্তিক মানুষের প্রতি এক ধরনের কোমল মায়া ও অগাধ ভালোবাসা। জুবিনের গান শুনলেই বোঝা যায়, তাঁর শিল্পকর্মে মানুষের হাসি-কান্না, সুখ-দুঃখ এবং ভালোবাসা কত গভীরভাবে মিশে আছে।
জীবনের প্রতিটি অবস্থানেই তিনি সমাজের প্রতি দায়বদ্ধ থেকেছেন। কখনো বন্যার ত্রাণ সংগ্রহে ব্যস্ত থেকেছেন, কখনো অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন নির্দ্বিধায়। তিনি যেখানেই অন্যায় দেখেছেন, নির্ভয়ে কথা বলেছেন। হয়তো সেজন্যই তাঁর অবস্থান কেবল শিল্পীর নয়—সামাজিক ব্যক্তিত্বের জায়গাতেও তিনি সমানভাবে সম্মানিত। তাঁর দৃঢ় কণ্ঠে যখন অন্যায়ের বিরুদ্ধে সুর ওঠে, তখন তা যেন মানুষের মনের ভেতর জমে থাকা প্রতিবাদের আগুনকে জ্বালিয়ে তোলে।
একজন শিল্পী শুধু দর্শকদের বিনোদন দেন না—তিনি সমাজকে চিনতে শেখান, নিজের অবস্থান সম্পর্কে ভাবতে বাধ্য করেন। জুবিন গার্গ সেই মানুষটি, যিনি তাঁর শিল্পকে মানুষের জীবনের সঙ্গে, তাদের সুখ-দুঃখের সঙ্গে যুক্ত করেছেন। তাঁর গানে আছে জীবনের মর্ম, মানবিকতার স্পন্দন, প্রতিবাদের তীক্ষ্ণ উচ্চারণ। তাঁর সুর যেমন হৃদয় ছুঁয়ে যায়, তেমনি তাঁর মানবিক উপস্থিতি মানুষের মনে আশার আলো জ্বালায়।
আজ তাঁর জন্মদিনে আমরা তাঁকে কেবল শিল্পী হিসেবে স্মরণ করি না—মানবতার এক আলোকবর্তিকা হিসেবে শ্রদ্ধা জানাই। যেখানে বিভাজন, ঘৃণা, হিংসা এবং অসহিষ্ণুতা সমাজকে আচ্ছন্ন করে, সেখানে জুবিন গার্গের মতো শিল্পী আমাদের মনে করিয়ে দেন—মানুষের সবচেয়ে বড় শক্তি ভালোবাসা, সহমর্মিতা এবং সত্যের প্রতি দায়বদ্ধতা।
তাঁর গান অমর—এ কথা আমরা বহুবার শুনেছি। কিন্তু তাঁর মানবিকতাও অমর—এই কথাটি আজ আরও তীব্রভাবে উচ্চারণ করতে চাই। জনপ্রিয়তা মানুষকে বড় করে তোলে না; মানুষকে বড় করে তোলে তাঁর মানবিক গুণ, সততা আর সত্যের পাশে দাঁড়ানোর সাহস। জুবিন সেই সাহসী, নির্ভীক, মানবিক শিল্পীদের একজন, যিনি প্রমাণ করেছেন—কণ্ঠ শুধু মঞ্চেই গর্জে ওঠে না, মানুষের পাশে দাঁড়িয়েও গর্জে ওঠে।
লেখক:
হাবিব বাবুল
প্রধান সম্পাদক
শুদ্ধস্বর ডটকম

