ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কলেজশিক্ষার্থীসহ নিহত ৬

নোয়াখালীর কবিরহাট উপজেলার বসুরহাট-কবিরহাট সড়কে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অটোরিকশাটি ট্রাকের নিচে ঢুকে চালকসহ ছয়জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে নোয়াখালী সরকারি কলেজের দুই শিক্ষার্থী রয়েছেন।

আজ মঙ্গলবার বেলা পৌনে ৩টার দিকে উপজেলার ইসলামিয়া আলিম মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন সিএনজিচালিত অটোরিকশার চালক শাহ আলম, নোয়াখালী কলেজের ছাত্র তানিম হাসান ও ছাত্রী ইসরাত জাহান, বিবি কুলসুম, জান্নাত ও সুমন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারের উদ্দেশে জেলা শহর মাইজদী থেকে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ছেড়ে যায়। অটোরিকশাটি কবিরহাট পৌর এলাকার কবিরহাট-বসুরহাট সড়কের ইসলামিয়া আলিম মাদ্রাসার নতুন ভবনের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। অটোরিকশাটি ট্রাকের নিচে ঢুকে যায়। এতে অটোরিকশার তিনজন ঘটনাস্থলে নিহত হন। আহত তিনজনকে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে একজন ও হাসপাতালে নিলে আরও একজন যাত্রী মারা যান।

এ ঘটনায় আহত একজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানোর পর তিনিও মারা যান। ঘটনার পরপর ট্রাকটি জব্দ করেছেন স্থানীয় লোকজন। খবর পেয়ে কবিরহাট থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান।

কবিরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শ্যামল কুমার দেবনাথ আজকের পত্রিকাকে জানান, ঘটনাস্থলে তিনজন, কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর দুজন ও নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালান। অটোরিকশাটিতে থাকা চালকসহ ছয়জনই মারা গেছেন। গাড়ি দুটি থানায় আনা হয়েছে। ঘটনার পরপর ট্রাকচালক পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.