ট্রাম্পের কনভয়ের জন্য রাস্তায় আটকে রইলেন ম্যাক্রঁ, ফিরলেন হেঁটেই

 মার্কিন প্রেসিডেন্টের কনভয়ের জন্য রাস্তায় আটকে রইলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ। বেশ কিছুক্ষণ গাড়িতেই বসেছিলেন তিনি। এই অবস্থায় বাধ্য হয়ে ট্রাম্পকে ফোন করেন তিনি। তারপর হেঁটে গন্তব্যের উদ্দেশে রওনা দেন। পথে সাধারণ মানুষের ছবি, সেলফির আবদারও মেটান ম্যাক্রঁ। সোমবার রাতে এমনই ঘটনার সাক্ষী থাকল নিউ ইয়র্ক।
রাষ্ট্রসংঘের সাধারণ সভার অধিবেশন শেষে দূতাবাসে ফিরছিলেন ফরাসি প্রেসিডেন্ট। আচমকা তাঁর পথ আটকায় নিউ ইয়র্ক পুলিশ। বাধ্য হয়ে গাড়ি থেকে নামেন ম্যাক্রঁ। পুলিশের কাছে গিয়ে যানজটের কারণ জিজ্ঞাসা করেন। জবাবে এক পুলিশ অফিসার বলছেন, ‘মাননীয় প্রেসিডেন্ট, আমি অত্যন্ত দুঃখিত। এই মুহূর্তে সব রাস্তা বন্ধ থাকবে।’ এরইমধ্যে ওই রাস্তায় ট্রাম্পের কনভয় আসার বিষয়টি জানতে পারেন ম্যাক্রঁ। সঙ্গে সঙ্গেই তিনি মার্কিন প্রেসিডেন্টকে ফোন করেন। রাস্তায় দাঁড়িয়েই কথা বলতে থাকেন তিনি। ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে হাল্কা মেজাজে ট্রাম্পকে বলেন, ‘কেমন আছেন আপনি? কি হয়েছে জানেন? আপনার যাতায়াতের জন্য সবকিছু বন্ধ। আমি রাস্তায় আটকে।’ তবে ততক্ষণে ওই জায়গা দিয়ে মার্কিন প্রেসিডেন্টের কনভয় চলে গিয়েছে। ফলে একটু পরেই রাস্তা খুলে দেওয়া হয়। রাস্তা খোলা থাকা সত্ত্বেও আর গাড়িতে ওঠেননি ফরাসি প্রেসিডেন্ট। ট্রাম্পের সঙ্গে কথা বলতে বলতে হেঁটেই যাত্রা শুরু করেন তিনি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.