খাগড়াছড়ির দাবিতে ছড়ানো ভুয়া ভিডিও শনাক্ত বাংলাফ্যাক্টের

খাগড়াছড়িতে বিজিবি ক্যাম্পে আগুন ও অস্ত্র লুটের নামে ছড়ানো ভিডিওকে ভুয়া ও বিভ্রান্তিকর বলে শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানায়, ভিডিওটি খাগড়াছড়ির নয়, নেপালের রাজধানী কাঠমান্ডুর ঘটনা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ওই ভিডিওতে দাবি করা হয়, পাহাড়িরা খাগড়াছড়ির একটি বিজিবি ক্যাম্পে আগুন দিয়ে অস্ত্র লুট করে উল্লাস করছে। খাগড়াছড়িতে সাম্প্রতিক উত্তেজনা ও অস্থিরতার প্রেক্ষাপটে এটি ছড়িয়ে দেওয়া হয়।

যাচাই করে বাংলাফ্যাক্ট দেখে, ভিডিওটির স্থিরচিত্র নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে তা ‘চন্দ্রগিরি টেলিভিশন’ নামের একটি ফেসবুক পেজে পাওয়া যায়। যেটি নেপালের কাঠমান্ডুর বালম্বু থেকে পরিচালিত হয়।

ভিডিওতে একটি ভবনের দেয়ালে নেপালি ভাষায় ‘গৌরব স্কুল’ নামে সাইনবোর্ড দেখা যায়। গুগল সার্চ ও জিওলোকেশন যাচাই করে দেখা গেছে, এটি কাঠমান্ডুর বালম্বুরই এলাকা। রাস্তার দৃশ্য ও পাশের ভবনের কাঠামোও গুগল ম্যাপের সঙ্গে মিলে যায়।

বাংলাফ্যাক্টের অনুসন্ধান টিম নিশ্চিত করেছে, খাগড়াছড়ির নামে ছড়ানো ভিডিওটি সম্পূর্ণ ভুয়া এবং বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা।

বাংলাদেশে গুজব ও ভুয়া খবর প্রতিরোধে বাংলাফ্যাক্ট নিয়মিত তথ্য যাচাই করে জনগণের কাছে সঠিক তথ্য তুলে ধরছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.