এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিল পর্তুগাল

যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডার পর এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে পর্তুগাল।

রবিবার পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী পাওলো রাঞ্জেল এক ঘোষণায় বলেন, পর্তুগিজ সরকার এখন থেকে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে।

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে সংবাদ সম্মেলনে পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী এ ঘোষণা দেন। তিনি বলেন, ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া পর্তুগিজ পররাষ্ট্র নীতির একটি মৌলিক, ধারাবাহিক ও অপরিহার্য দিক।

পাওলো রাঞ্জেল বলেন, পর্তুগাল একটি ন্যায্য ও স্থায়ী শান্তির একমাত্র পথ হিসেবে দ্বি-রাষ্ট্রীয় সমাধানকে একটি টেকসই পথ হিসেবে মনে করে।

গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে তিনি বলেন, হামাস গাজায় বা এর বাইরে কোনো ধরনের নিয়ন্ত্রণ রাখতে দেওয়া যাবে না। সব জিম্মিদের মুক্তি দাবি করেন তিনি।

পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার অর্থ এই নয় যে, গাজার মানবিক বিপর্যয় মুছে যাচ্ছে। তিনি গাজা উপত্যকায় চলমান দুর্ভিক্ষ, ধ্বংসযজ্ঞ এবং পশ্চিমতীরে ইসরাইলি বসতি সম্প্রসারণের তীব্র নিন্দা জানান। সূত্র : রয়টার্স

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.