পি.আর মানে পেছনের রাস্তা দিয়ে ক্ষমতা দখলের চেষ্টা : গয়েশ্বর রায়

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েস্বর চন্দ্র রায় বলেছেন, ‘পি.আর পদ্ধতি মানে পেছনের রাস্তা দিয়ে ক্ষমতা দখলের চেষ্টা। পি.আর (আনুপাতিক হারে) নির্বাচন পদ্ধতি বিশ্বের অন্যান্য দেশে ভালো হলেও আমাদের দেশে এটা কোনো সিস্টেমই না। এটা হলো পিছনের রাস্তা দিয়ে ক্ষমতা দখলের চেষ্টা।’

আজ শনিবার বিকেলে ছাত্রজনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ ও আহতদের সুস্থতা কামনায় নরসিংদীর শিবপুর উপজেলা বিএনপি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় প্রধান উপদেষ্টা ড. ইউনুসকে উদ্দেশ্য করে বলেছেন, ‘আপনি কথা দিয়েছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন দেবেন, নির্বাচনের আয়োজন করুন। কেউ যদি চাপ দেয় বা বাধা দেয় বিএনপি আপনার পাশে থাকবে।’

জামায়াতকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘জনগণ যদি ৭১ এর পরাজিত শক্তির কৃতকর্ম ভুলে গিয়ে আপনাদেরকে ভোট দেয়, আমরা সালাম দেব। ৭১ এর পরাজিত শক্তির আস্ফালন আমাদের মত মুক্তিযোদ্ধারা বেঁচে থাকতে মেনে নিতে পারে না, একথা কিন্তু আমরা এখনও বলিনি। স্বাধীনতা যুদ্ধে আপনারা অপরাধ করেছেন, আমরা ক্ষমা করেছি কিন্তু ভুলে যাইনি’

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘জুলাই যোদ্ধা ছাত্র ও এনসিপি নেতৃবৃন্দের প্রতি বিএনপি কৃতজ্ঞতা জানাই, তার মানে এই না লুট করেছি আমি, সবকিছু একা খাই। গণতন্ত্র আর জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে ১৭ বছর ধরে আন্দোলন চলছিল। বিএনপি ক্ষমতার জন্য পাগল হয়নি, জনগণের ভোটাধিকারের জন্য পাগল হয়েছে। জনগণ বিএনপিকে ভোট দিলে আপনাদের মানতে অসুবিধা কি, জনসম্মুখে বলতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সবচেয়ে বড় সংস্কারক, বিএনপি সংস্কারে বিশ্বাস করে কুসংস্কারে নয়।’

ইটাখোলা গোলচত্বরে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিছ রিকাবদার। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী, সিনিয়র সহ সভাপতি সরদার সাখাওয়াত হোসেন বকুল, সহ সভাপতি মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু সালেক রিকাবদার।

এসময় ছাত্রজনতার গণঅভ্যুত্থানে ইটাখোলা মোড়ে নিহত ৪ জন শহীদসহ সকল শহীদের স্মরণ ও আহতদের সুস্থতা কামনায় দোয়া করা হয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.