জুলাই সনদের খসড়ার সঙ্গে মোটামুটি একমত বিএনপি : সালাহউদ্দিন আহমদ

জুলাই সনদের খসড়ার সঙ্গে বিএনপি পুরোপুরি নয়, মোটামুটি একমত জানিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘ওখানে কিছু বাক্য, শব্দ, গঠন প্রণালি ইত্যাদি নিয়ে কারও কোনো মতামত আছে কি না, সে জন্য সব রাজনৈতিক দলগুলোর কাছে দিয়েছে। আমাদের সংশোধনী থাকবে ভাষাগত, বাক্যগত। অঙ্গীকারের বিষয়ে আমরা একমত।’

আজ মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় ধাপের ২১তম দিনের সংলাপের আছরের বিরতির পরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘দুই বছরের ভেতরে এই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের ক্ষেত্রে যে অঙ্গীকার চাওয়া হয়েছে, সে বিষয়ে আমরা একমত। যে সমস্ত প্রতিশ্রুতির জন্য আইন-কানুন সংবিধান চেঞ্জ (পরিবর্তন) করার জন্য ওখানে বলা হয়েছে, সেটা তো বলারও প্রয়োজন নাই। সেটার জন্যই তো এই প্রতিশ্রুতি। সেটার জন্যই তো এ কমিশন আসা।’

সংস্কার কমিশনের ৭০০-এর বেশি সুপারিশ সম্পর্কে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘আমরা এর মধ্যে ৬৫০টির মতো প্রস্তাবে একমত হয়েছি। বাকিগুলোর বিষয়ে পরামর্শ দিয়েছি বা সংশোধিত প্রস্তাব দিয়েছি।সব প্রস্তাব সনদে আসবে না। তবে যেগুলো মৌলিক, যেমন সংবিধান সংশোধন সংক্রান্ত, সেগুলো অবশ্যই গুরুত্ব পাবে।’

তিনি বলেন, ‘জনগণই সার্বভৌম। সার্বভৌম জনগণের সার্বভৌম ক্ষমতার প্রয়োগ হয় ভোটের মাধ্যমে। ভোটের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধি সার্বভৌম পার্লামেন্টে যান। দেশে একমাত্র সংসদই সার্বভৌম। সেখানেই জনগণের জন্য জনগণ আইন প্রণয়ন করে। জনগণ সেই আইনের দ্বারা শাসিত হয়। তাহলে জনগণ যাদের সার্বভৌম ক্ষমতা দিয়ে সার্বভৌম পার্লামেন্টে পাঠাল, আইনটা তো ওখানেই প্রণীত হবে। সেই আইন প্রণয়ন নিয়ে তো কোনো প্রশ্ন থাকা ঠিক নয়।’

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা যদি জনগণের সার্বভৌমত্ব স্বীকার করি, রাষ্ট্রের মালিকানা জনগণের এটি স্বীকার করি এবং সার্বভৌম ক্ষমতার প্রতিনিধিত্ব সার্বভৌম পার্লামেন্টে হয় স্বীকার করলে আইনটা তো ওখানেই প্রণীত হতে হবে।’

তিনি বলেন, ‘আমরা সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর নিয়োগ আইনের মাধ্যমে করতে চাই। এতে আইনি ত্রুটি থাকলে সংশোধন সহজ হবে।’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.