বিএনপি গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের জন্য দায়ীদের দ্রুতবিচার এবং দেশের জন্য প্রয়োজনীয় সংস্কারগুলো দ্রুত বাস্তবায়ন চায় বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জুলাই গণঅভ্যুত্থান ও জাতিসংঘের তথ্যানুসন্ধান প্রতিবেদনের ওপর জাতিসংঘের ঢাকা কার্যালয় আয়োজিত এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
বিএনপির মহাসচিব বলেন, আমরা চাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার হোক। একই সঙ্গে দেশের যে জরুরি সংস্কারগুলো প্রয়োজন, সেগুলো বিলম্ব না করে দ্রুত বাস্তবায়ন করা হোক।’
মির্জা ফখরুল বলেন, এটি ভুলে গেলে চলবে না যে, দেশের এখন এমন একটি সরকার প্রয়োজন যেটি সত্যিকার অর্থেই জনগণের প্রতিনিধিত্ব করে। কারণ জনগণের ম্যান্ডেট নিয়ে কাজ করার মধ্যে এবং ম্যান্ডেট ছাড়া কাজ করার মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে।’
তিনি আশা প্রকাশ করেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছেন, অর্থাৎ একটি অবাধ, সুষ্ঠু ও সর্বজনগ্রাহ্য নির্বাচন অনুষ্ঠিত হবে, তা তিনি বাস্তবায়ন করবেন। এ নির্বাচনের মাধ্যমেই একটি জনগণের প্রতিনিধিত্বশীল সরকার ও সংসদ গঠিত হবে।
তিনি বলেন, দেশে যেসব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ফ্যাসিবাদী শাসনের সময় ধ্বংস বা ভেঙে ফেলা হয়েছে, সেগুলোর পুনর্গঠন এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ।আওয়ামী ফ্যাসিস্টরা দেশের সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দুর্বল করে ফেলেছিল কিংবা ধ্বংস করেছিল। এসব প্রতিষ্ঠান পুনর্গঠন করতে হবে। এটি সহজ কাজ নয়। সময় লাগবে, কষ্টসাধ্য হবে। আমাদের ধৈর্য ধরতেই হবে।
তিনি অন্তর্বর্তী সরকারকে ‘জুলাই সনদ’ ঘোষণার আহ্বান জানিয়ে সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐকমত্য গড়ে উঠেছে, তাকে স্বাগত জানান।

