এনবিআরে আন্দোলনকারীরা বিএনপির কেউ না : রিজভী

 

জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) আন্দোলনকারী বিএনপির কেউ না বলে জানালেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে ঢাকা মহানগর বাংলাদেশ পূজা উদ্‌যাপন ফ্রন্ট আয়োজিত রথযাত্রা উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা জানান।

রুহুল কবির রিজভী বলেন, ‘দলের অনুমতি ছাড়া বিএনপির নামে সরকারি দপ্তরে কেউ আন্দোলন করলে এ দায় বিএনপির না, বিএনপি এসব আন্দোলন সমর্থন করে না। ইনকাম ট্যাক্সে (এনবিআরে) বিএনপির নামে যারা আন্দোলন করছে তারা বিএনপির কেউ না।’

বিএনপির নামে যারা অপকর্ম করছে তাদের বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘রক্ত ও সংগ্রামের মধ্যে দিয়ে যে সুযোগ সৃষ্টি হয়েছে তাতে সামনের দিনে ভালো রাজনৈতিক পরিবেশ তৈরি হবে। সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।’

আওয়ামী লীগ সরকারের অধীনে হওয়া নির্বাচনের সমালোচনা করে তিনি বলেন, ‘সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়ালের কথাতেই স্পষ্ট হয়েছে হাসিনার আমলে সব নির্বাচন অবৈধভাবে অনুষ্ঠিত হয়েছিল।’

সংস্কার করে দ্রুত নয়, যৌক্তিক সময়ে সরকার নির্বাচন দেবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন রুহুল কবির রিজভী।এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য অপর্ণা রায়, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন প্রমুখ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.